২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান ফল প্রকাশ; প্রস্তাবিত সংশোধনী অনুমোদিত

791
Dipu_Moni_file_pic

রূপশ্রী প্রতিবেদন

১২ জানুয়ারি, ঢাকাঃ

২০২০ সালের এইচএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন’ এবং ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন’ সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, খসড়া প্রস্তাবটি আইন হিসেবে জারির পর শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশ করবে। এর আগে আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া জাতীয় সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে আইন সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হবে। সংসদে আইনের সংশোধনী পাস হলে আগামী ২৮ জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে। ফলাফল তৈরি করে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি এই দুই পরীক্ষার ফলের গড় করে এইচএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় সরকার। তবে পরীক্ষা সংক্রান্ত আইনে বলা আছে, এর ব্যত্যয় হলে বিশেষ অধ্যাদেশ জারি করে তা আইনের বৈধতা দিতে হবে। এ কারণেই এবছর পরীক্ষা না নিয়ে ফল প্রকাশে একটি অধ্যাদেশ জারি করতে হবে। তা না হলে বিষয়টি আইনগত বৈধতা পাবে না।

এ বিষয়ে গত ২৯ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলনে বলেন, ‘ফল তৈরির কাজ শেষ হয়ে গেছে। প্রকাশের আগে অধ্যাদেশ প্রয়োজন। অধ্যাদেশ জারির পরপরই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।’

আজ (সোমবার) শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘এইচএসসি পরীক্ষা-২০২০-এর ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনী’র অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ১৮ তারিখে সংসদ অধিবেশন শুরু হওয়ায় অধ্যাদেশ না হয়ে সংসদে আইনটি পাস হয়ে গেজেট প্রকাশের পরই রেজাল্ট ঘোষণা হবে। এ আইনের সংশোধনীর মাধ্যমে দেশের যেকোনও দুর্যোগ বা মহামারিতে পরীক্ষা না নিয়ে মূল্যায়ন করতে পারবে সরকার।’

রূপশ্রী/ টি আর