কোন বিধিবলে সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি

276

ঢাকা, রূপশ্রী ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান , বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করা হয়েছে।
নির্বাহী আদেশে এই সংসদ বিলুপ্ত করা হলো। এর আগে বেলা তিনটার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

যে বিধি বলে ভেঙে দেওয়া হলো দ্বাদশ জাতীয় সংসদ। সরকারের জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে মঙ্গলবার (৬ আগস্ট) সংসদ ভেঙে দিয়েছেন।
এরআগে রাষ্ট্রপতির কাছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. হাফিজ আহমেদ চৌধুরী আইনের ব্যাখ্যা সংক্রান্ত একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন।
এতে বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। ৩০ জানুয়ারি, ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট, ২০২৪ তারিখে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র প্রদান করে দেশ ত্যাগ করেন।

২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদে (সংলাগ-১) বিধান রয়েছে যে, ‘এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তার অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করবেন। তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনও পরামর্শদান করেছেন কিনা এবং করে থাকলে কী পরামর্শ দান করেছেন, কোনও আদালত সেই সম্পর্কে কোনও প্রশ্নের তদন্ত করতে পারবেন না।’

৩. প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট, ২০২৪ তারিখে পদত্যাগ করে দেশ ত্যাগ করায় রাষ্ট্রপতি কর্তৃক তার সঙ্গে পরামর্শ গ্রহণের কোনও সুযোগ নেই। তাই সাংবিধানিক সংকট মোকাবিলা, জনস্বার্থ, রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন যাতে বিপদের সম্মুখীন না হয়, সে জন্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদের অধীন তার বিচক্ষণতা (ডিসক্রিশনারি পাওয়ার) /সহজাত ক্ষমতা প্রয়োগ করে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিতে পারেন।

৪. রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল ফোর (সংলাগ-২)-এর অধীন জাতীয় সংসদ ভেঙে দেওয়ার বিষয়টি রাষ্ট্রপতির কাছে উপস্থাপন সংসদ সচিবালয়ের কর্মপরিধিভুক্ত। যেহেতু তাৎক্ষণিকভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন, সেহেতু রুলস অব বিজনেস ১৯৯৬-এর রুল ৩৩ (সংলাগ-৩)-এর আওতায় জনস্বার্থে, রাষ্ট্রপতি অনুচ্ছেদ ৩-এ বর্ণিত অবস্থাধীনে সমীচীন বিবেচনায় সেহেতু রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল ফোর এর ব্যতিক্রম সদয় অনুমোদনপূর্বক দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার লক্ষ্যে রাষ্ট্রপতি বিজ্ঞপ্তি (পতাকা-ক) জারি করতে পারেন।

৫. অনুচ্ছেদ ৪-এর প্রস্তাব রাষ্ট্রপতির সানুগ্রহ বিবেচনা এবং অনুমোদনের জন্য উপস্থাপন করা হলো।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হলো। শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে সোমবার বিকেলে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।