মাস্ক পরা বাধ্যতামূলকঃ সরকারি প্রজ্ঞাপন জারি

681

রূপশ্রী প্রতিবেদন

২৩ জুলাই, ঢাকাঃ

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার গত মার্চ মাস থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে । এবার করোনার করাল থাবা থেকে জনগণকে বাঁচাতে এবং সর্বস্তরে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে ঘরের বাইরে সব জায়গায় সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক পরিপত্রে সকলের মাস্ক পরা বাধ্যতামূলক করে এই সরকারি আদেশ জারি হয়েছে। এ পরিপত্র বাংলাদেশে বসবাসরত সবার জন্য প্রযোজ্য।

প্রজ্ঞাপনে নির্দিষ্টভাবে কারা কিভাবে মাস্ক ব্যবহার করবে তার নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে কারা নিয়োজিত থাকবে, সে বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা দেয়া আছে পরিপত্রে।

১. সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতাদের বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবে।

২. সরকারি ও বেসরকারি হাসপাতালসহ সকল স্বাস্থ্য সেবা কেন্দ্রে আসা সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবে।

৩. শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গির্জাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পরিচালনা কমিটি বিষয়টি নিশ্চিত করবে।

৪. শপিংমল, বিপণি বিতান ও দোকানের ক্রেতা-বিক্রেতাদের মাস্ক ব্যবহার করতে হবে। স্থানীয় কর্তৃপক্ষ ও মার্কেট ব্যবস্থাপনা কমিটি বিষয়টি নিশ্চিত করবে।

৫. হাট-বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ছাড়া কেউ পণ্য কেনা-বেচা করবেন না। স্থানীয় প্রশাসন ও হাট-বাজার কমিটি বিষয়টি নিশ্চিত করবে।

৬. সড়ক, নৌ, রেল ও আকাশপথে সব ধরনের গণপরিবহনে চালক, চালকের সহকারী, এবং যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। গণপরিবহনে চড়ার আগেই যাত্রীদের মাস্ক পরতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মালিক সমিতি বিষয়টি নিশ্চিত করবে।

৭. পোশাক কারখানাসহ সকল শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃকপক্ষ ও মালিকরা বিষয়টি নিশ্চিত করবেন।

৮. হকার, রিকশা ও ভ্যানচালকসহ সকল পথচারীকে মাস্ক ব্যবহার করতে হবে। বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করবে।

৯. হোটেল ও রেস্তোরাঁয় কর্মরত ব্যক্তি এবং জনসমাবেশ চলাকালে আবশ্যিকভাবে মাস্ক পরতে হবে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মালিক সমিতি নিশ্চিত করবে।

১০. সব ধরনের সামাজিক অনুষ্ঠানে আসা ব্যক্তিদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে। বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবেন।

১১. বাড়িতে কারও করোনাভাইরাসের উপসর্গ থাকলে পরিবারের সুস্থ সবার মাস্ক ব্যবহার করতে হবে।

উল্লেখ্য করোনার প্রাদুর্ভাব কমানোর জন্য বিশ্বের অনেক দেশে ইতিমধ্যে মাস্ক-এর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কোন কোন দেশে মাস্ক না পরলে জরিমানার বিধানও করেছে ।

রূপশ্রী/টিআর