ব্রাজিলে নারী ফুটবলাররা পাবে পুরুষের সমান পারিশ্রমিক

947

রূপশ্রী ডেস্ক

ঢাকাঃ

নারীর ক্ষমতায়ন, সম অধিকারের যুগে এখনো অনেক ক্ষেত্রে নারী ও পুরুষ সমান পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা পায় না। বিশ্ব ক্রীড়াঙ্গনও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। গুটিকয়েক দেশ যারা নারী-পুরুষ সমান পারিশ্রমিক দেয় সেই তালিকায় এবার যুক্ত হলো ব্রাজিল।

দীর্ঘদিন ধরে নারী ও পুরুষদের সমান পারিশ্রমিক বিষয়ে নানা আলোচনা-সমালোচনা হলেও খুব কম দেশেই পুরুষ ক্রীড়াবিদদের সমান পারিশ্রমিক দেয়া হয় নারীদের। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং নরওয়ের পর চতুর্থ দেশ হিসেবে নারী এবং পুরুষদের সমান পারিশ্রমিকের ঘোষণা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এখন থেকে নেইমার জুনিয়র, গ্যাব্রিয়েল হেসুসদের সমান বেতন পাবেন ব্রাজিল নারী দলের মার্তারাও।

এ খবর নিশ্চিত করে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রোজারিও ক্যাবোকলো বলেছেন, ‘ব্রাজিল ফুটবল ফেডারেশন নারী এবং পুরুষ ফুটবল দলের মধ্যে প্রাইজ মানি এবং অন্যান্য সুবিধাদি সমান করে দিয়েছে। যার মানে দাঁড়ায় এখন নারী ফুটবলাররা পুরুষদের সমানই আয় করবে।

তিনি আরও যোগ করেন, ‘আনুপাতিকভাবে এটা ফিফার নীতিমালা অনুযায়ীই করবে, যেমনটা তারা নারী ফুটবলারদের জন্য ব্যবস্থা করেছে। এখন থেকে নারী-পুরুষের আর কোনো বৈষম্য থাকবে না।’

এদিকে নারী-পুরুষের সমান পারিশ্রমিক ও আনুষঙ্গিক সুবিধাদির জন্য লড়ছে বর্তমান নারী বিশ্ব চ্যাম্পিয়ন দল যুক্তরাষ্ট্র। দলটির পক্ষ থেকে বিষয়টি আদালতে তোলা হলেও এক বিচারক তা খারিজ করে দেন। এখন তারা নিজ দেশের ফেডারেশনের কাছে ক্ষতিপূরণ হিসেবে ৬৬ মিলিয়ন ডলার দাবি করছে।

রূপশ্রী/এম এস