রূপশ্রী প্রতিবেদন
২০ ডিসেম্বর, ঢাকাঃ
রাজধানীর বাজারে টানা তৃতীয় সপ্তাহ ধরে দাম বেড়েছে চাল এবং সয়াবিন তেলের। চাল-তেলের সঙ্গে দফায় দফায় পেঁয়াজ, আলু এবং ময়দার দামও বেড়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ, কারওয়ান বাজার, বাদামতলী, সূত্রাপুর, শ্যামবাজার, কচুক্ষেত, মৌলভীবাজার, মহাখালী, উত্তরা আজমপুর, রহমতগঞ্জ, রামপুরা এবং মিরপুর-১ নম্বর বাজারের দামের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করে টিসিবি।
টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে মিনিকেট ও নাজির চালের দাম বেড়েছে ৭ দশমিক ৭৬ শতাংশ। এর মাধ্যমে মিনিকেট ও নাজির চালের কেজিতে বেড়ে ৬০-৬৫ টাকা হয়েছে। আগের সপ্তাহে ছিল ৫৬-৬০ টাকা।
চালের পাশাপাশি সয়াবিন তেলের দামও গত এক সপ্তাহে বেড়েছে। টিসিবি বলছে, গত এক সপ্তাহে ৫ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম ১ দশমিক ৯০ শতাংশ বেড়ে ৫১০-৫৬০ টাকা হয়েছে। ১ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৬ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ১১৫-১২৫ টাকা হয়েছে।
কয়েক মাস ধরেই চড়া থাকা আলুর দাম মাঝে কিছুটা কমলেও আবারও আগের অবস্থায় ফিরেছে নিত্য প্রয়োজনীয় এই সবজির দাম। ফলে এক সপ্তাহের ব্যবধানে ১১ দশমিক ৮৪ শতাংশ বেড়ে প্রতি কেজি আলু এখন ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে বাজারে এসেছে নতুন পেঁয়াজ। তারপরও সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজে দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা। বর্তমানে প্রতিকেজি পেঁয়াজ নেয়া হচ্ছে ৬৫ টাকা, অথচ এক সপ্তাহ আগেও ছিল ৬০ টাকার মধ্যে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ ৪০ টাকা, ১ সপ্তাহ যা ছিল ৩৫ টাকা।
পেঁয়াজ বিক্রেতারা বলছেন, ‘পেঁয়াজের বাজার কমার দিকে। তবে ২ দিনের ব্যবধানে রাজধানীতে পেঁয়াজের সরবরাহ কমেছে। যার কারণে দাম কিছুটা বেড়েছে। তবে সরবরাহ বাড়তে থাকায় শিগগিরেই কমবে।’
রূপশ্রী/ এম এস







