পবিত্র শবে মিরাজ পালিত

650

রূপশ্রী প্রতি‌বেদন

শুক্রবার (১২ মার্চ), ঢাকা:

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গতকাল রাতে দেশব্যাপী পবিত্র শবে মিরাজ পালিত হয়েছে। মহান রাব্বুল আলামী‌নের হুকু‌মে তাঁর প্রিয়নবী ও রাসূ‌ল মুহাম্মদ (সা.)-এর মিরাজ গমনের প‌বিত্র ও ম‌হিমা‌ন্বিত রাত উপলক্ষে দেশব্যাপী মসজিদ, মাদরাসা, খানকা ও দরবার শরী‌ফে ওয়াজ মাহ‌ফিল, মিলাদ মাহ‌ফিল, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। গতকাল বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘মেরাজুন্নবী (সা.)’ এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত হয়েছে।

লাইলাতুল মিরাজ বা মেরাজের রাতকে আমাদের দেশে সাধারণত ফার্সী প্রভা‌বের কার‌ণে শ‌বে মেরাজ হিসেবে আখ্যায়িত করা হয়। মিরাজের বিবরণ পবিত্র কোরআনের সূরা নাজমে সূরা ইসরায় বিবৃত হয়েছে। হাদিস শরিফ, বুখারি শরিফ, মুসলিম শরিফ, সিহাহ সিত্তাসহ অন্যান্য কিতাবে এই ইসরা ও মেরাজের বিষয়টি নির্ভরযোগ্য বিশুদ্ধ সূত্রে বিস্তারিত বর্ণিত হয়েছে।

ইসলামের ইতিহাস মতে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) নবুওয়াত প্রাপ্তির একাদশ বছরের (৬২০ খ্রিস্টাব্দ) রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে হজরত জিবরাইল (আ.)-এর সঙ্গে বোরাকে চড়ে প্রথ‌মে কাবা শরীফ থেকে বায়তুল মুকাদ্দাস যান। সেখা‌নে দুরাকাত নামাজ আদায় শে‌ষে আল্লাহর হুকু‌মে সাত আসমান পে‌রি‌য়ে আরশে আজীম পর্যন্ত গমন ও মহান আল্লাহর দিদার লাভ করেন। একই রা‌তে আল্লাহর কাছ থে‌কে উম্ম‌তে মোহাম্মদীর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদা‌য়ের ফরজ বিধান নি‌য়ে দু‌নিয়ায় ফি‌রে আ‌সেন।
পবিত্র কুরআনে মক্কা মোয়াজ্জমা থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে পবিত্র ‘ইসরা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। পবিত্র হাদিসে বায়তুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উপনীত হওয়া ও আরশে আজীমে আল্লাহর সান্নিধ্য লাভের মহিমান্বিত ঘটনাকে মিরাজ হিসেবে বর্ণনা করা হয়েছে।
মহানবী (সা.) বে‌হেশত, দোজখসহ ষ্টিজগতের রহস্য অবলোকন করেন। অন্য কোনো নবী এমন সৌভাগ্য লাভ করতে পারেননি।

ধর্মপ্রাণ মুসলমানরা রাত জে‌গে পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল নামাজ, ইবাদত-বন্দেগির মাধ্যমে পবিত্র এ রাতটি পালন করেন এবং গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা ক‌রেন। পবিত্র শবে মেরাজ ১৪৪২ হিজরী উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাদ যোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘মিরাজুন্নবী (সা.)’ এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মা মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব)। শবে মেরাজ এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা রফিক আহমাদ ও জামেয়া ইসলামিয়া মাদরাসার শায়খুল হাদীস ড. মাওলানা মুশতাক আহমদ। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, কর্মকর্তা, কর্মচারি ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

রূপশ্রী/‌দেশ/ধর্ম/এএস