পবিত্র ঈদুল আজহা ১লা আগষ্ট

902

রূপশ্রী প্রতিবেদন

২১ জুলাই, ঢাকাঃ

আগামী পহেলা আগষ্ট  সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম  ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বাংলাদেশের আকাশে মঙ্গলবার ১৪৪১ হিজরি সনের জিলহজ  মাসের চাঁদ দেখা যায়নি। ফলে হিজরী সন গণনার বিধি মোতাবেক চলমান জিলকদ মাস আজ ৩০ দিনে পূর্ণ করে আগামীকাল ২৩ জুলাই থেকে ১লা জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী জিলহজ মাসের দশ তারিখ মোতাবেক ১ আগষ্ট সারাদশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেয়া হয়। সভায় সারা দেশ থেকে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করা হয়। দেশের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কমিটি নিশ্চিত হয় যে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো: নূরুল ইসলাম।

এই বিশেষ দিনটি প্রতি বছর ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে উদযাপিত হয়। মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানদের মধ্যে সামর্থ্যবানরা এই দিন পশু কোরবানী করে থাকেন। তাই এই ঈদকে কোরবানীর ঈদও বলা হয়। মুসলিম বিশ্বের জাতির পিতা হযরত ইব্রাহীম (আ:)-এর সুন্নাত অনুসারে এদিন পশু কোরবানী করা হয়ে থাকে।

এবার করোনা ভাইরাস ও বন্যা পরিস্থিতির কারণে ঈদ উপলক্ষ্যে মানুষের মনে উৎসবের সেই আনন্দ নেই। ধর্মীয় বাধ্যবাধকতার জন্য সীমিত আকারে বসছে কোরবানীর পশুর হাট। অনেকেই অনলাইনে কোরবানীর পশু কেনা-কাটা করছেন।

করোনার বিস্তার রোধে সরকারের সিদ্ধান্ত মোতবেক এবার জাতীয় ঈদগাহসহ দেশের কোন ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। মসজিদে মসজিদে সামাজিক দুরত্ব মেনে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

এছাড়া ঢাকা-গাজীপুর ও নারায়ণগঞ্জ ব্যতীত অন্যান্য জেলায় বসবাসরত মানুষ নিজেদের পরিবার পরিজনের সঙ্গে ঈদের উৎসবে সামিল হতে গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগ  পাবেন  বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রূপশ্রী/ টিআর