দিয়া ফারহাত
২১ জুলাই, ঢাকাঃ
কখনো লীলা, মাস্তানি অথবা পদ্মাবতী নাহয় সম্পূর্ন আলাদা দায়িত্বশীল মেয়ে পিকু। কখনোবা এসিডের শিকার মালতি। এভাবেই সকলকে তাক লাগিয়ে নতুন নতুন তকমা গায়ে মাখিয়ে ঘুরছেন সকলের প্রিয় অভিনেত্রী দীপিকা।
কিন্তু এবার সবার জন্য একদম ভিন্নধর্মী এক আকর্ষণ নিয়ে হাজির দীপিকা। বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ছবি ”বাহুবলী” যার নামভূমিকায় ছিলেন দক্ষিণী নায়ক প্রভাস। সেই ‘বাহুবলী’ প্রভাসের সাথেই জুটি বেঁধে আসছেন দীপিকা! কেমন হতে পারে এই অনন্য জুটির রসায়ন?
মুলত এই বিস্ফোরণ ঘটাল দক্ষিণী ছবির প্রযোজক সংস্থা বৈজয়ন্তী মুভিজ। অনেক সময় ধরেই চলছিল এই অনন্য সাধারণ জুটির পর্দায় একসাথে আসা নিয়ে নানা কল্পনা। আর সেই কল্পনার বাস্তবরূপ দেয়ার প্রচেষ্টাই করলো বৈজয়ন্তী মুভিজ।
বলিউডের দুই অন্যতম বহুল জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোন ও প্রভাসকে নিয়ে নতুন ছবির ঘোষণা করেছেন তারা। লকডাউনের মাঝেই এই ঘোষণা করা হয়। বহু ছবির মুক্তি যেখানে করোনা পরিস্থিতিতে আটকে রয়েছে, সেখানে এই নতুন ছবির ঘোষণা সকলকে অবাক করে দিয়েছে। ৪০০ কোটি টাকার বাজেটের এই ছবিটি বলিউডের অন্যতম ‘দামি’ ছবি হতে চলেছে ।
রবিবার বৈজয়ন্তী প্রোডাকশনস ৫০ বছর পূর্তিতে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ২৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে দীপিকা ও প্রভাসকে নিয়ে নতুন এই ছবি তৈরির ঘোষণা দেয়।

নতুন ছবির নাম এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে অনেকেই ধারণা করছেন এটি সাই-ফাই ছবি হতে চলেছে। শুধু তাই নয় ছবির বিষয়বস্তু হতে পারে টাইম ট্রাভেল। ছবির শুটিং লোকেশন হিসেবে ইউরোপকে প্রাধান্য দিয়ে লোকেশন বাছাইও শুরু হয়ে গিয়েছে।
ছবিটি পরিচালনা করবেন ‘মহন্তি’, ‘ইয়েভাডে সুব্রহ্মণ্যম’ -এর নির্মাতা নাগ অশ্বিন ।
দীপিকা ইনস্টাগ্রামে বৈজয়ন্তী মুভিজের ভিডিওটি রিপোস্ট করে জানিয়েছেন তিনি বৈজয়ন্তী প্রডাকশনের নতুন ছবির অংশ হতে পেরে খুবই খুশি। সেইসাথে প্রভাসের সাথে অভিনয় করতেও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন।
প্রভাসও তার ইনস্টাগ্রামে বৈজয়ন্তী প্রডাকশনের সাথে কাজ করার নিশ্চয়তা প্রকাশ করে দীপিকাকে তাদের সাথে কাজ করার জন্য স্বাগতম জানান এবং তার অধীর আগ্রহের কথা বলেন। নতুন এই ছবি নিয়ে স্বভাবতই দারুণভাবে উচ্ছ্বসিত বৈজয়ন্তী মুভিজও।
শ্রীদেবী, জয়াপ্রদা এবং ঐশ্বরিয়াসহ বিভিন্ন প্রজন্মের সেরা অভিনেত্রীদের নিয়ে কাজ করেছে বৈজয়ন্তী মুভিজ।দীপিকার মতো আন্তর্জাতিক তারকাকে কাস্ট করে তারা খুবই গর্বিত। দীপিকাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তারা । ‘বাহুবলী’র প্রভাসের মতো পারদর্শি অভিনেতাকে নিয়ে তারা আনন্দিত। হবেই বা না কেনো অনন্য এই তাক লাগানো জুটি তো এখন সকলের আকর্ষণ ।
রূপশ্রী/ টি আর







