দেশব্যাপী চলছে সর্বাত্মক লকডাউন বিধি লংঘনের দায়ে আটক ৭৫৫ জন

631
ছবি: বাসস-এর সৌজন্যে

রূপশ্রী প্রতিবেদন, বৃহস্পতিবার (১ জুলাই), ঢাকা:
রাজধানীসহ দেশব্যাপী কঠোরভাবে সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সর্বাত্মক লকডাউনের কঠোর বিধি-নিষেধ।ভোর থেকে মাঠে ব্যাপক তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কঠোর লকডাউনের সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় প্রথমদিনেই পুলিশের (ডিএমপি) হাতে আটক ও গ্রেফতার হয়েছেন ৭৫৫ জন। পুলিশ জানায়, বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে দন্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম গতকালই বলেছিলেন, যুক্তিসংগত কারণ ব্যতীত কেউ বের হলে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সরকার ঘোষিত বিধি-নিষেধ (লকডাউন) কঠোরভাবে প্রতিপালনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে অত্যন্ত কঠোর অবস্থানে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীকে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে পুলিশকে যানবাহনে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করতে দেখা গেছে।ডিএমপির ৮টি বিভাগ রাজধানীতে দায়িত্ব পালন করছে।

লকডাউন বাস্তবায়নে মনিটরিং সেল
এদিকে প্রথম দিনেই সর্বাত্মক লকডাউন বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সব কার্যক্রম ও মাঠ পর্যায়ে যোগাযোগ রক্ষা করতে কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয় সেল গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার (১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তাদের নিয়ে এ সেল গঠন করে আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে ১-৭ জুলাই পর্যন্ত সময়কালে সরকার সরকারি/বেসরকারি অফিস বন্ধ ঘোষণাসহ বিভিন্ন কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করেছে। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয় সেল গঠন করা হলো। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলামকে আহ্বায়ক করে এ সমন্বয় সেল গঠন করা হয়।
অন্য সদস্যরা হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যুগ্মসচিব মোমেনা খাতুন, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব উম্মে সালমা তানজিয়া, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব আবু হেনা মোস্তফা জামান। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগ থেকে একজন প্রতিনিধি থাকবেন।

লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলছে কাঁচাবাজার
লকডাউনে সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানীর কাঁচাবাজারগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা-বিক্রেতা পণ্য কেনাবেচা করছেন।
রাজধানীর যাত্রবাড়ি, কাপ্তান বাজার, কাওরান বাজার, মীরপুরের কাজীপাড়া, পীরেরবাগ ও শেওড়াপাড়ারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।স্যানেটাইজারও ব্যবহার করতে দেখা গেছে।
এসব বাজারে ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন সরকারের নির্দেশনা মেনে আমরা কেনাবেচা করছি। মুখে মাস্ক পড়া এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দোকান করছি।
একজন ক্রেতা বলেন, সকালে বাজারে এসে ভালোই লেগেছে। আজ বাজারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ক্রেতাও খুব একটা নেই। আর যারাও আসছেন তারা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বাজার করছেন। তবে, অন্যান্য দিনের চেয়ে নিত্যপণ্যে বাজার কিছুটা চড়া। এ বিষয়ে বিক্রেতারা জানান লকডাউনে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম কিছুটা বাড়তি।
#
এসটি/এইচআর