রূপশ্রী প্রতিবেদন
ঢাকাঃ
সারা বিশ্বে কোভিড ১৯-এর প্রভাবে বিপর্যস্ত খাতগুলির মধ্যে অন্যতম প্রধান খাত ‘অভিবাসী’। যার মধ্য দিয়ে বিভিন্ন দেশে প্রায় ৮০ লাখ বাংলাদেশি অভিবাসীর অবস্থানও সংকটে পড়েছে। গত বছরের ১ এপ্রিল থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশে ফিরে আসা প্রবাসীদের সংখ্যা ছিল ৩ লাখ ২৬ হাজার ৭৫৮ জন।
বেশির ভাগ কর্মী দেশে ফিরেছেন করোনাকালে কাজ হারিয়ে। কেউ কেউ ছুটিতে এসে আর যেতে পারছেন না। কেউবা আবার বৈধতা না থাকায় ফিরতে হয়েছে। সমস্যা হলো, এই বিপুলসংখ্যক কর্মীর আবার বিদেশ যাওয়ার সুযোগও বর্তমানে খুব সীমিত হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে ‘মুজিব বর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান’ স্লোগান নিয়ে দেশে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে পর্যাপ্ত কর্মসংস্থান এমনকি আত্মকর্মসংস্থানের সুযোগ আছে জানিয়ে প্রবাসী কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে অনেক জায়গায়ই স্থবির হয়ে গেছে। ফলে করোনাকালে অনেকই কাজ হারাচ্ছেন। যারা দেশে ফিরে এসেছেন, তাদের প্রণোদনা দিচ্ছি, তারা চাইলে কাজ করতে পারবে। কাজেই হতাশ না হয়ে দেশেই কাজ করেন।
শেখ হাসিনা আরও বলেন, প্রবাসীদের হয়রানি রোধে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নজরদারি রাখছে। প্রবাসে বাংলাদেশিদের কর্মসংস্থান ও নারী শ্রমিকদের নিরাপত্তা ঠিকমতো হচ্ছে কিনা তা দেখতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেন সরকারপ্রধান।
সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ যখন সরকারে আসে, তখন থেকেই প্রবাসীদের কল্যাণে আমরা কাজ করছি। পাশাপাশি দেশের ভেতরেও কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করেছি। বিদেশ গিয়ে কে কি কাজ করবেন, সে ধরনের সব বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থাও আমরা করেছি। যাতে বিদেশে গিয়ে তাদের কাজের ক্ষেত্রে সমস্যা না হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাগরিকদের দক্ষ হয়ে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, অন্ধের মতো বিদেশে ছুটলে দালালদের খপ্পরে পড়তে হয়। সেজন্য নিজেকে দক্ষ করে গড়ে তুলে বিদেশে কাজে যাওয়ার পরামর্শ দেন।
এ সময় শেখ হাসিনা বলেন, অনেকেই মনে করে বিদেশে গেলেই বুঝি অনেক অর্থ উপার্জন করা যায়। এমন প্রলোভনে পড়বেন না, দালালদের খপ্পরে পড়বেন না। কারো প্ররোচনায় বিদেশে গিয়ে নিজের ও পরিবারের ক্ষতির কারণ হবেন না।
দেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের দক্ষ কর্মী লাগবে। কারও কাজের অভাব হবে না। দেশে কাজের অভাব নেই, খাবারের অভাব নেই। দয়া করে সোনার হরিণ ধরতে ছুটবেন না।
সরকার অভিবাসীদের কল্যাণে প্রশিক্ষণ কেন্দ্র, ব্যাংক ঋণ দেওয়া ছাড়াও সহায়তার নানা ব্যবস্থা করেছে উল্লেখ করে শেখ হাসিনা প্রত্যেকে কর্মীকে দক্ষ হয়ে বিদেশে যাওয়ার নির্দেশ দেন।
রূপশ্রী/টি আর







