গর্ভে সন্তান নিয়েই অলিম্পিকে লড়লেন মিসরের এক চিকিৎসক

440

ঢাকা, রূপশ্রী ডেস্ক:
নাদা হাফেজ পেশায় একজন চিকিৎসক। আরও স্পষ্ট করে বললে প্যাথলজিস্ট (রোগনিরূপণবিদ)। ২৬ বছর বয়সী এই মিসরীয় নারী লড়লেন প্যারিস অলিম্পিকের ফেন্সিংয়ে। একা নন, গর্ভে সাত মাসের সন্তান নিয়ে! বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

এ নিয়ে টানা তিন অলিম্পিক ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত স্যাবরে ইভেন্টে অংশ নিলেন নাদা হাফেজ। প্যারিসের গ্রঁ পালাইয়ে কাল নিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তার্তাকোভস্কিকে ১৫–১৩ পয়েন্টে হারিয়ে শেষ ষোলোয় ওঠেন নাদা। তবে শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ান প্রতিযোগী হা–ইয়াং জিওনের সঙ্গে পেরে ওঠেননি; হেরে যান ১৫–৭ পয়েন্টে।


প্যারিস অলিম্পিক থেকে বিদায় নেওয়ার সময় দর্শকদের করতালিতে সিক্ত হন নাদা। হাত নেড়ে দর্শকদের অভিবাদনের জবাব দেওয়ার মুহূর্তে কেঁদেও ফেলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানান তাঁর আবেগে ভেসে যাওয়ার কারণ, ‘পোডিয়ামে (বিজয় মঞ্চে) আপনারা দুজন খেলোয়াড়কে দেখেছেন, আসলে আমরা তিনজন ছিলাম! আমি, আমার প্রতিদ্বন্দ্বী এবং আমার ছোট্ট সন্তান, যে এখনো পৃথিবীতে আসেনি!’
উত্তর আফ্রিকার দেশ মিসরের রাজধানী কায়রো থেকে উঠে আসা এই ফেন্সার আরও লিখেছেন, ‘আমি ও আমার সন্তান শারীরিক ও মানসিকভাবে (প্রতিপক্ষকে) দারুণ চ্যালেঞ্জ জানাতে পেরেছি। এটা গর্বের। এটা আমার সত্তাকে পূর্ণতা দিয়েছে।’
সৌজন্যে প্রথম আলো