আজ পবিত্র হজ

7

আজ পবিত্র হজ মোবারাক।
সৌদি আরবের দিনপঞ্জী অনুযায়ী ৯ জিলহজ, প‌বিত্র হজ পালিত হয়। আরাফার ময়দানে আজ সারা দুনিয়ার হাজী সাহেবানরা সমবেত হয়ে রোদনভরা কণ্ঠে একটাই জিকির করছে -‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।ইন্নাল হামদা ওয়াননি’ মাতা লাকা ওয়ালমুলক, লা শারিকা লাক’। অর্থাৎ ‘আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। তোমার কোনো শরিক নেই। সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই।সব সাম্রাজ্যও তোমার। ’
শুধু তোমার ক্ষমা ও অনুগ্রহ লাভের জন্য আমরা এখানে সমবেত হয়েছি প্রভু। দয়া করে করুণা করে আমাদের কবুল করো প্রভূ।
এইজন্য হজের দিনকে ইয়াওমুল আরাফা বা আরাফার দিনও বলা হয় । আজ সারাদিন আরাফার ময়দানে দাঁড়িয়ে থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত হাজী সাহেবানরা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ জিকির করবেন। আর গুনাহ মাফের জন্য তওবা ও দোয়া করবেন। আরাফার ময়দান তওবা ও দোয়া কবুলের স্থান। এই পাহাড়ের পাশেই অবস্থিত জাবালে রহমত বা রহমতের পাহাড়। পাহাড় চূড়ায় রয়েছে একটি স্তম্ভ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিদায় হজের ভাষণের স্মৃতি এবং হযরত আদম (আ.) ও মা হাওয়া (আ.)-এর ক্ষমাপ্রাপ্তির পর পুনর্মিলনের স্থান হিসেবে চিহ্নিত করতে সাদা রঙের এই কংক্রিটের স্তম্ভ বা মিনারটি স্থাপন করা হয়েছে।
তাই মক্কা নগরী থেকে ২০ কিলো দূরে ৪৫ ডিগ্রি খড়তাপের মধ্যেও বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় ১৮ লাখ মানুষ-সাদা-কালো, ধনী-গরিব সবাই আরাফাতের ময়দানজুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তাঁর দয়া ও করুণা ভিক্ষা চাইছেন। আগের দিন ও সারারাত মিনার তাঁবুতে কাটিয়ে আজ সকালে হাজির হয়েছেন আরাফার ময়দানে।
প‌বিত্র হ‌জের এই দিনে এখন আরাফার ময়দানে স্থাপিত মসজিদে নামিরা থেকে পবিত্র হজের খুতবা দেয়া হয় এবং যুহর ও আছরের কসর নামাজ একসাথে আদায় করা হয়।
আজকের দিন‌টি অ‌তি বরকতময়।
আখেরী নবী হজরত মুহাম্মাদ সা. এই আরাফার ময়দান থেকেই বিদায় হজের ভাষণে ইসলামকে পরিপূর্ণ জীবনবিধান হিসাবে ঘোষণা দিয়েছিলেন। এখানেই আদিপিতা হজরত আদম ও আদিমাতা হজরত মা হওয়া আ. গুনাহমুক্তির পয়গাম লাভ করেছিলেন। তাই আজ আরাফার ময়দানে সমবেত হজপালনকারীদের জন্য যেমন গুনাহ মা‌ফের দিন। একইভাবে আল্লাহ বান্দা ও উম্মতে মুহাম্মদির জন্যও গুনাহ মাফের দিন।
আমরা যারা হ‌জে যে‌তে পা‌রি‌নি, নবীজীর হাদিস আমল করে আজ আমরা রোজা রেখেছি, আল্লাহ আমাদেরও গুনাহগুলিও মাফ করে দিন। আমীন।
এ বিষ‌য়ে স‌হিহ মুসলিম ও ইব‌নে মাজা শরীফে ব‌র্ণিত হা‌দি‌সে আল্লাহর নবী ও রাসূল মুহাম্মাদ (সা.) বলেন, ‘যে আরাফার দিনের রোজা রাখল, আশা করা যায়, আল্লাহতায়ালা তার একবছর আগের এবং একবছর পরের তথা দুই বছরের পাপগুলো ক্ষমা করে দেবেন’।
আগামীকাল সৌদি আরবের দিনপঞ্জী অনুযায়ী ১০ জিলহজ, পবিত্র ঈদ ও কোরবানীর দিন।
আগামী বৃহস্পতিবার আমাদের বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার নামাজ ও কোরবানীর দিন। আল্লাহ আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কোরবানী, আমাদের দান খয়রাত কবুল ও মঞ্জুর ক‌রে নিন। আমীন।