গরম মসলার দাম ১০-২৫ শতাংশ কমানোর ঘোষণা

765

রূপশ্রী ডেস্ক

বুধবার, ১৩ মে ২০২০, ঢাকা: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখাতে গরম মসলার দাম ১০-২৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি।

বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিনের সঙ্গে সমিতির ৬ সদস্যের প্রতিনিধি দলের এক বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গরম মসলার আন্তর্জাতিক বাজার ও বাংলাদেশে আমদানি মূল্য পর্যালোচনা করা হয়।

আলোচনার পর বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি গরম মসলার মূল্য তালিকা ঘোষণা করে।

নতুন মূল্য তালিকায়- জিরা (ভারত) প্রতি কেজি ৩০০-৩৪০ টাকা, দারচিনি (চীন) প্রতিকেজি ৩১০-৩৩০ টাকা, দারচিনি (ভিয়েতনাম) প্রতিকেজি ৩৫০-৩৭০ টাকা, লবঙ্গ প্রতিকেজি ৬৮০-৭২০ টাকা, এলাচ প্রতিকেজি ২৮০০-৩২০০ টাকা, গোলমরিচ (সাদা) ৫৫০-৫৮০ টাকা, গোলমরিচ (কাল) ৩৬০-৩৮০ টাকা নির্ধারণ করা হয়।

ঘোষিত এ মূল্য তালিকায় স্বাক্ষর করেন বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি সভাপতি মো. এনায়েত উল্লাহ এবং মহাসচিব মো. আতিকুল হক।

রূপশ্রী/এইচ