পাকিস্তানের দর্জির মেয়ে কানদিল মুর্তজার ১৭ স্বর্ণপদক

6

রূপশ্রী প্রতিবেদন

ঢাকা (বুধবার, ১৩ মে ২০২৬): পাকিস্তানের এক সাধারণ দর্জির মেয়ে কানদিল মুর্তজা ১৭টি স্বর্ণপদক জয় করে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার মেয়ে কানদিল মুর্তজা পেশোয়ারের খাইবার গার্লস মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কোর্সে অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তিনি রেকর্ডসংখ্যক ১৭টি স্বর্ণপদক জয় করেন। ২০২৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে কানদিলের হাতে পদকগুলো তুলে দেন সোহেল আফ্রিদি। এই বিশেষ মুহূর্তে কানদিলের বাবা মঞ্চে মেয়ের পাশেই উপস্থিত ছিলেন, যা উপস্থিত জনতাকে আবেগাপ্লুত করে তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরের ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

কলেজ কর্তৃপক্ষের মতে, এটি এই প্রতিষ্ঠানের ইতিহাসে কোনো একক শিক্ষার্থীর অর্জন করা সর্বোচ্চ সংখ্যক স্বর্ণপদক। একই অনুষ্ঠানে কানদিলের পাশাপাশি অন্যান্য কৃতি শিক্ষার্থীদেরও মেধার মূল্যায়ন করা হয়েছে। মুকাদ্দাস নামের এক শিক্ষার্থী ১০টি স্বর্ণপদক এবং সাবিহ নামের অন্য একজন ৭টি স্বর্ণপদক লাভ করেন।

কানদিলের বাবা পেশায় একজন সাধারণ দর্জি হলেও সন্তানদের উচ্চশিক্ষায় তিনি কোনো কমতি রাখেননি। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি গর্বের সাথে জানান যে, শুধু কানদিলই নয়, তার বাকি সন্তানরাও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত: এক মেয়ে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিতে (FIA) গ্রেড-১৭ অফিসার হিসেবে কর্মরত। আরেক মেয়ে পিএইচডি ডিগ্রিধারী এবং বর্তমানে ইসলামাবাদে কর্মরত।অন্য এক মেয়ে বর্তমানে খাইবার মেডিকেল কলেজে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করছেন।একমাত্র ছেলে একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার।

কানদিল মুর্তজার এই অসামান্য সাফল্য এবং তার বাবার ত্যাগ নিয়ে নেট দুনিয়ায় প্রশংসার জোয়ার বইছে। নেটিজেনরা বলছেন, আর্থিক সীমাবদ্ধতা যে মেধার পথে বাধা হতে পারে না, কানদিল ও তার পরিবার তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সূত্র: খবর সংযোগ ও খাইবার গার্লস মেডিকেল কলেজ (KGMC) ২০২৬ সমাবর্তন রেকর্ড।