শপথ নিলেন নারী আসনের ৪৯ জন সংসদ সদস্য

7

রূপশ্রী প্রতিবেদন
ঢাকা (সোমবার, ৪ মে ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নিয়েছেন। রবিবার রাত ৯টার পর জাতীয় সংসদের শপথকক্ষে তাঁদের শপথ পড়ানো হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ মঞ্চে উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠানে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামীর জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন শপথ নেন।
শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্যরা রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠানের শুরু হয়। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। এর মধ্যে জামায়াত জোট ১৩টি নারী আসন পেয়েছে। কিন্তু তাদের একজন এখনো নির্বাচিত হননি। তাদের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ে বাতিল হয়। তাদের বিকল্প প্রার্থী এনসিপির নুসরাত তাবাসসুম মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময়ের ১৪ মিনিট পরে নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন। তবে প্রাথমিকভাবে সেই মনোনয়ন পত্র গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে অবশ্য আদালতের নির্দেশে তাঁর মনোনযনপত্র গ্রহণ করা হয়। শপথ গ্রহণের দিন বাছাইয়ে নুসরাত তাবাসসুম মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হয়। তবে তাঁকে সরকারীভাবে নির্বাচিত ঘোষণা করে এখনও গেজেট প্রকাশ হয়নি। অন্যদিকে জামায়াত জোটের প্রথম প্রার্থী এনসিপির মনিরা শারমিন তার নুসরাত তাবাসসুম মনোনয়ন পত্র বাতিলে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেছেন। সেটি এখনো নিষ্পত্তি হয়নি।