জাতীয় স্মৃতি সৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

355

রূপশ্রী ডেস্ক, ঢাকা: নব গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার (৯ আগস্ট) সকালে সাভারে জাতীয় স্মৃতি সৌধ ও ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর উপদেষ্টা পরিষদের সদস্যরাও সঙ্গে ছিলেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথমে সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে দেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্প স্তবক অর্পণ শেষে প্রধান উপদেষ্টা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান। খবর বাসস।

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজের উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথমে ড. ইউনূস সকাল ১১টা ১৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও পুষ্পস্তবক অর্পণ করে আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করার পর আমরা মানুষের জীবন-জীবিকার উন্নয়নে মনোযোগ দিয়ে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কাজ করব।’
ছাত্র প্রতিনিধিদের থেকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্রদের আন্দোলনে বৈষম্যমূলক সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষার্থীদের সাথে প্রতিশ্রুতি অনুযায়ী আমরা তাদের আবেগের সাথে পুরো সিস্টেমটি সংস্কার করব।’