অন্তর্বর্তী সরকার শপথ নেবে বৃহস্পতিবার: সেনা প্রধান

335

রূপশ্রী প্রতিবেদন, ঢাকা: নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবেন বলে ঘোষণা করেছেন সেনা বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ বুধবার (৭ আগস্ট) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আগামীকাল রাতে বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।’ শপথ গ্রহণ অনুষ্ঠানটি রাত ৮ টার দিকে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে দেশে ফেরার কথা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তাকে স্বাগত জানাব।’

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আরো বলেন, প্রায় ১৫ সদস্য নিয়ে অন্তর্বর্তী মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ গঠিত হবে। ড. ইউনূস প্রধানমন্ত্রীর সমমর্যাদায় প্রধান উপদেষ্টা হবেন। তবে ‘এটি এখনও চূড়ান্ত হয়নি’ বলে উল্লেখ করেন।
আজ (৭ আগস্ট) বিকেলে মিডিয়ার সামনে উপস্থিত হওয়ার কিছুক্ষণ আগে তিনি ড. ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন বলে জানান। সে সময় তিনি আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্যারিস থেকে দেশে ফেরার পথে ছিলেন। তিনি বলেন, ‘আমার খুব ভালো লাগছে এবং আশা করছি তার অধীনে আগামী সরকার বাংলাদেশকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।’

এসময় সেনা প্রধান স্বীকার করেন যে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর লুটপাট ও নৈরাজ্যের ঘটনা ঘটেছে। কারণ ‘পুলিশ বাহিনী সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে’ এবং নৌ ও বিমান বাহিনীর সৈন্যদের সাথে নিয়ে সামরিক বাহিনীর পক্ষে সৃষ্ট ‘শূন্যতা পূরণ করা’ সম্ভব ছিল না।’   তিনি বলেন, ‘তবে আমরা অপরাধীদের বিচারের সম্মুখীন করতে সব কিছু করব।’
তিনি জানান, একজন নতুন ইন্সপেক্টর জেনারেল (আইজি)নিয়োগ দিয়ে পুলিশ বাহিনীকে পুনর্গঠিত করা হচ্ছে, যিনি ইতোমধ্যেই  সমস্ত পুলিশ সদস্যদের সারা বাংলাদেশে তাদের কর্মস্থলে যোগ দিতে বলেছেন।