প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ে তুলুন : খালেদা জিয়া

454

রূপশ্রী প্রতিবিদন, ঢাকা:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ে তোলার আহবান জানিয়েছেন।
আজ বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহবান জানান। সাত বছর পর শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সদ্য কারামুক্ত বেগম খালেদা জিয়া প্রথম জনসম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখালেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃনির্মাণ করতে হবে। তরুণদের স্বপ্ন বাস্তবায়ন ও শোষণহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। আসুন প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ে তুলি। ’

বক্তব্যের শুরুতে বিএনপি নেত্রী বলেন, ‘আবার আপনাদের সামনে কথা বলতে পেরে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। এ বিজয় বাংলাদেশের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। ’

তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বেগম খালেদা জিয়া বলেন, ‘দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দি অবস্থায়, আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরনপণ সংগ্রামের মধ্য দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদকে জানাই শ্রদ্ধা।’
তিনি আরও বলেন, ‘এই বিজয় আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তুপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও সাম্যের ভিত্তিতে নির্মাণ করতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ।’

‘সব ধর্ম-গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি’, যোগ করেন বিএনপি চেয়ারপারসন।