নতুন এনআইডি নম্বর এখন এসএমএস-এর মাধ্যমে

837

রূপশ্রী প্রতিবেদন,

৩১ জুলাই, শনিবার, ঢাকাঃ

আগামী ৮ই অগাস্ট থেকে শুরু হতে যাচ্ছে ১৮ ও তদূর্ধ্ব বয়সীদের করোনার টিকার নিবন্ধন। তবে করোনাভাইরাসের টিকা নিতে হলে প্রয়োজন হয় জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) নম্বর। সেক্ষেত্রে যাদের এনআইডি নম্বর নেই, তারা দ্রুত টিকার আওতায় আসতে পারছেন না। এমতাবস্থায়, যাদের বয়স হয়েছে কিন্তু এনআইডি কার্ড করেননি, তাদের জন্য নতুন এনআইডি করার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন ওয়েবসাইট ।

এখন থেকে নতুন ভোটার হওয়ার আবেদনে দেওয়া মোবাইল নম্বরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর এসএমএসের মাধ্যমে চলে যাবে। এতদিন এনআইডি নম্বর জানার জন্য নির্বাচন অফিসে বা ১০৫ নম্বরে মেসেজ করে অপেক্ষা করতে হতো। কিংবা কল সেন্টারে ফোন করে জানতে হতো। সমস্যার সমাধান হওয়াতে এনআইডি নম্বরের জন্য এখন আর অপেক্ষা করতে হবে না।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে নতুন এনআইডি করা এবং অনলাইন থেকে কার্ড প্রিন্টসহ যাবতীয় সেবা পাওয়া যাচ্ছে। সরকারি নির্দেশনা না থাকলেও কঠোর বিধিনিষেধে স্বল্প সংখ্যক জনবল দিয়ে মুহূর্তের মধ্যেই জনসাধারণের কাছে এনআইডি সেবা পৌঁছে দিতে সচেষ্ট ভূমিকা পালন করছেন অনুবিভাগটির মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, আমরা কোভিডকে সামনে রেখেই এই কাজটা করেছি। সাধারণ মানুষ যেন এসএমএস দেখেই বুঝতে পারেন যে তাদের এনআইডি হয়ে গেছে। এই এসএমএসের বিষয়টা আগে থেকেই ছিল। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে এটা কাজ করছিল না। আমাদের টেকনিশিয়ানরা বিষয়টির সমাধান করেছে।আমাদের জন্য যাতে কোনো মানুষ বিপদে না পড়েন, সেজন্য আমরা নিয়মিত অফিস করছি এবং অত্যাবশ্যকীয় সার্ভিস দিয়ে যাচ্ছি।

নতুন ভোটার রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://services.nidw.gov.bd/new_voter

রূপশ্রী/ টি আর