রূপশ্রী ডেস্ক,
১৭ জুলাই (বৃহস্পতিবার), ঢাকাঃ
বরযাত্রায় অনেকের শখ থাকে ঘোড়া বা হাতির পিঠে নয়তো হেলিকপ্টারে করে বিয়ে করতে যাওয়ার। কিন্তু এবার বর নয় বরং কনে বিয়ে করতে গেলেন গাড়ির বনেটের উপর বসে। আর এতেই বাধলো বিপত্তি। করোনা মহামারীর মধ্যে গাড়ির ওপরে বসে বিয়ে করতে বের হয়ে গ্রেফতার হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ২৩ বছর বয়সী এই তরুণী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার পুনের বাসিন্দা ওই তরুণী সাসওয়াদ যাচ্ছিলেন বিয়ে করতে। গাড়িতে ছিলেন তার পরিবার-পরিজনেরা। শুধু গাড়ির ওপরে বসে ক্ষ্যান্ত থাকা নয়, তা ক্যামেরাবন্দীও করেছেন তিনি। আর সেই ভিডিও ভাইরালও হয়ে যায়। এ ঘটনায় মোটর যান আইনে ওই তরুণীর পাশাপাশি গাড়িতে যারা ছিলেন তাদেরও গ্রেফতার করেছে লোনি কালভোর পুলিশ। এ বিষয়ে লোনি কালভোর পুলিশের সিনিয়র পরিদর্শক রাজেন্দ্র মোকাশি জানান, ওই তরুণীর পাশাপাশি যারা গাড়িতে ছিলেন আর যিনি ছবি তুলছিলেন, প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। তাদের কারও মুখে মাস্ক ছিল না। তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন, মহারাষ্ট্র কভিড আইনে মামলা দায়ের হয়েছে।
রূপশ্রী/ টি আর







