রূপশ্রী প্রতিবেদন
২৫ মার্চ, ঢাকাঃ
মেয়েদের হকিতে প্রথমবার অংশ নিয়েই শিরোপা জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। দল হিসেবে টুর্নামেন্ট বিজয়ী হয়েছে বিকেএসপি। ব্যক্তিগতভাবে হকির টার্ফ কাঁপিয়েছেন নমিতা কর্মকার ও অর্পিতা পাল।
২০১৯ সালে সিঙ্গাপুরে এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টের দেড় বছর পর বাংলাদেশের মেয়েরা হকিস্টিক হাতে মাঠে নামে বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজিত ‘মহিলা ডেভেলপমেন্ট স্বাধীনতা কাপ হকি’র মধ্য দিয়ে। বুধবার শেষ হলো এই টুর্নামেন্ট।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই টুর্নামেন্টের ফাইনালে নড়াইল জেলাকে ৬-০ গোলে হারিয়েছে বিকেএসপি।
নারীদের দল গড়তে দেশের সেরাদের বাছাই করেছে বিকেএসপি। জাতীয় দলের অধিনায়ক রিতু খানমসহ বেশিরভাগ খেলোয়াড়ই এখন এই প্রতিষ্ঠানের। কাগজ-কলমের পার্থক্যটা তারা মাঠেও ফুটিয়ে তুলেছে।
গ্রুপপর্বের তিন ম্যাচ ও সেমিফাইনাল এবং ফাইনালে প্রতিপক্ষকে চুরমার করেই শেষ হাসি হেসেছে বিকেএসপির মেয়েরা।
ফাইনালে ৬-০ ব্যবধানের জয়ে দুটি করে গোল করেছেন অর্পিতা পাল ও শান্তিনা টুডু। একটি করে গোল সোনিয়া খাতুন, তারিন আক্তার খুশির।
নড়াইলের নমিতা ১২ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। টুর্নামেন্টসেরা হয়েছেন বিকেএসপির অর্পিতা পাল। দুইজনকেই ক্রেস্টের পাশাপাশি ১০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়েছে। চ্যাম্পিয়ন বিকেএসপিকে ৬০ হাজার, রানার্সআপ নড়াইলকে ৪০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়েছে।
রূপশ্রী / এম এস







