উন্নয়নশীল দেশের টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে: স্পিকার

912

রূপশ্রী প্রতিবেদন
রবিবার (১৪ মার্চ), ঢাকা:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সমগ্র বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির বিপর্যয়ের বিষয়টি তুলে ধরে বলেছেন, টিকা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে এই সংকট উত্তরণের ঘটাতে হবে। সবার টিকা পাওয়ার বিষয়টি ‘কালেক্টিভ ওয়েলফেয়ার’ হিসাবে চিহ্নিত করে তিনি উন্নয়নশীল দেশের টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার আহবান জানান।

সংসদ ভবেন স্পিকারের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সৌজন্য সাক্ষাতকালে তিনি এই আহবান জানান। সাক্ষাতকালে তারা সংসদীয় কার্যক্রম, কোভিড-১৯ ভ্যাকসিন পরিস্থিতি, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় স্পিকার আগামী ১৭ থেকে ২৬ মার্চ ২০২১ খ্রি: দশ দিন ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের নারীরা অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। নারী উদ্যোক্তারাও পিছিয়ে নেই। নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।একাদশ জাতীয় সংসদে ৭৩ জন নারী সংসদ সদস্য রয়েছেন বলে  উল্লেখ করেনতিনি।

মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাক্সিন কার্যক্রম, বাংলাদেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ কোভিড-১৯ পরিস্থিতি সফলতার সাথে মোকাবেলা করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানগণের আগমন খুবই প্রশংসনীয় উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রদূত করোনা পরিস্থিতেও বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপশ্রী/দেশ/নারী/কোভিড/এইচবি