পবিত্র শবে মিরাজ আজ

911

রূপশ্রী প্রতিবেদন

বৃহস্পতিবার (১১ মার্চ), ঢাকা:

আজ হিজরি রজব মাসের ২৬ তারিখ, বৃহস্পতিবার দিবাগত রাত পবিত্র শবে মিরাজ। ফার্সি শব শব্দের অর্থ রাত ও আরবী মিরাজ শব্দের অর্থ উর্ধারোহন বা উর্ধগমন। পবিত্র এই রাতে দুনিয়া ও আখেরাতের সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহর হুকুমে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) সাত আসমান পেরিয়ে আরশে আজীম পর্যন্ত ঊর্ধ্বলোক পরিভ্রমণ সৌভাগ্য লাভ করেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করে নবীজী আবার একইরাতে দুনিয়াতে ফিরে আসেন। এ কারণেই রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র। মুসলিম বিশ্ব অলৌকিক ও ঐতিহাসিক এই ঘটনার স্মারক দিবস হিসেবে প্রতি বছর রাতটিকে শবে মিরাজ হিসেবে পালন করে থাকে। বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়।

পবিত্র শবে মিরাজ পলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ বাদ জোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা দোয়া ও মুনাজাতের আয়োজন করেছে। এ উপলক্ষে দেশের সকল মসজিদ, মাদ্রাসা, খানকা, ধর্মীয় ও সামাজিক সংগঠন ওয়াজ মাহফিল, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করেছে। ধর্মপ্রাণ মুসলমানগণ এ মহিমান্বিত রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আসকার, দোয়া-দরূদ ও ইবাদত-বন্দেগির মাধ্যমে পালন করবেন।

হজরত মুহাম্মদ (সা.) নবুওত লাভের একাদশ বছরের রজব মাসে (৬২০ খ্রীষ্টাব্দে) রাতে পবিত্র কাবা থেকে বোরাক নামক বাহনে চড়ে প্রথমে পবিত্র বায়তুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেন। সেখানে অন্যান্য নবী-রাসুলের সঙ্গে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। তারপর সেখান থেকে সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হজরত জিবরাইল (আ.)-এর সাথে পরিভ্রমন করেন। এ সময় নবীজী নভোমন্ডল, বেহেশত-দোজখ ও সৃষ্টির বিভিন্ন রহস্য প্রত্যক্ষ করেন এবং পূর্ববর্তী নবীদের সাক্ষাৎ লাভ করেন। পরে রফরফ নামক বাহনে নবীজী আল্লাহর রাব্বুল আলামীনের আরশে আজীম পর্যন্ত যাওয়ার ও মহান প্রভূর দিদার লাভের সৌভাগ্য লাভ করেন। নবীজী আল্লাহর কাছ থেকে উম্মতে মোহাম্মদীর জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। প্রতিদিন নামাজে আত্তাহিয়্যাতু পাঠের মাধ্যমে উম্মতে মোহাম্মদী সেই ঘটনার সাক্ষ্য প্রদান করেন। নবীজীর মিরাজ-এর সংবাদ বিনাবাক্য ব্যয়ে বিশ্বাস করে হজরত আবু বকর রা. সিদ্দিক উপাধী লাভ করেছিলেন।

কর্মসূচি: পবিত্র শবে মিরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ যোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘মিরাজুন্নবী (সা)’ এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান। আলোচনা করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা রফিক আহমাদ ও জামেয়া ইসলামিয়া মাদরাসার শায়খুল হাদীস ড. মাওলানা মুশতাক আহমদ।

রূপশ্রী/ধর্ম/আএসআর