বিরুষ্কার ঘরে লক্ষ্মীর আগমন

935

রূপশ্রী ডেস্ক

১২ জানুয়ারি, ঢাকাঃ

দীর্ঘ প্রতীক্ষার পর বিরুষ্কা জুটির ঘর আলো করে তাদের প্রথম সন্তান জন্মগ্রহণ করলো। সোমবার দুপুরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। শুরু হল বিরাট ও আনুশকার জীবনের নতুন অধ্যায়।

আনন্দের সংবাদটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান বিরাট কোহলি। তিনি লেখেছেন, ‘আপনাদের খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কন্যা সন্তান হয়েছে। আপনাদের ভালোবাসা ও মঙ্গল কামনার জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আনুশকা ও আমাদের কন্যা ভালো আাছে। আমরা দু’জনেই খুব সৌভাগ্যবান যে জীবনের এই অধ্যায় আমাদের দেখার সুযোগ হল। আপনারা নিশ্চয়ই বুঝবেন এই সময় আমাদের কিছুটা ব্যক্তিগত পরিসর জরুরি। তাই সবার কাছ থেকে এ ব্যাপারে সহযোগিতা চাইছি’।

অস্ট্রেলিয়া টেস্ট চলার মাঝেই প্রথম ডে-নাইট টেস্ট খেলেই বাড়ি ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটি নিয়ে এসেছিলেন ক্যাপ্টেন বিরাট কোহলি।

২০১৭ সালে ৯ ডিসেম্বর সকল জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেন কোহলি ও আনুশকা। আর বিয়ের তিন বছর পর তাদের সংসারে এলো প্রথম সন্তান। তার পর গত বছর ২৭ অগস্ট সংসারে নতুন অতিথি আসছে বলে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন। সেইসময় ইনস্টাগ্রামে অনুষ্কা লেখেন, ‘আর তার পর আমরা দুই থেকে তিন হলাম। ২০২১-এর জানুয়ারিতেই আগমন ঘটছে’।

ভক্তরা তাদের সন্তানের জন্য শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য বার্তা পাঠাচ্ছেন।

রূপশ্রী/ টি আর