রূপশ্রী ডেস্ক
২৮ জুলাই, ঢাকা :
লাখো মানুষের ভালোবাসা নিয়ে নোভেল ভাইরাস করোনাকে হারিয়ে দিলেন বচ্চনবধূ ঐশ্বরিয়া ও তার কন্যা আরাধ্যা। মা ও মেয়ে দু’জনে করোনা থেকে সুস্থ হয়ে আপন নিবাস ‘জলসা’তে ফিরে গিয়েছেন। সোমবার ২৭ জুলাই মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দু’জনে।
অভিষেক বচ্চন হাসপাতাল থেকে নিজেই স্ত্রী ও কন্যার সুস্থ হয়ে ওঠার কথা টুইট করে সকলকে জানান। টুইটারে তিনি লেখেন, ‘‘অবিরত প্রার্থনা ও শুভেচ্ছার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। চিরকাল আপনাদের কাছে ঋণী থাকব। সৌভাগ্যবশত ঐশ্বরিয়া এবং আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ওদের। এবার বাড়ি পৌঁছবে ওরা। বাবা এবং আমি এখনও হাসপাতালে চিকিৎসাকর্মীদের তত্ত্বাবধানে রয়েছি।’’
ঐশ্বরিয়া এবং কন্যা আরাধ্যার করোনা পজিটিভ আসার পরও কোনও উপসর্গ ছিল না। তাই শুরুতে তারা বাড়িতেই কোয়রান্টিনে ছিলেন। প্রায় এক সপ্তাহ সেই অবস্থায় থাকার পর হাল্কা জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় দু’জনের। সেজন্য গত ১৭ জুলাই তাদেরকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় গোটা ‘জলসা’কেই কনটেনমেন্ট জোন ঘোষণা করে বৃহন্মুম্বই পৌরসভা। তবে দিন কয়েক আগে ‘কোভিড-১৯ জোন’ লেখা পোস্টার বাংলোর দেওয়াল থেকে সরিয়ে নেয় তারা।

উল্লেখ্য, মহামারী করোনা গত ১১ জুলাই বচ্চন পরিবারে থাবা বসায়। করোনার উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করিয়েছিলেন অমিতাভ বচ্চন ও অভিষেক। তাদের রিপোর্ট পজিটিভ আসায় ওই দিনই তারা নানাবতী হাসপাতালে ভর্তি হন। পরে নিজেদের সোশ্যাল মিডিয়ায় সে কথা ঘোষণা করেন দু’জনে। এর পর ঐশ্বরিয়া, আরাধ্যা, জয়া বচ্চন, শ্বেতা বচ্চন ও তাঁর দুই ছেলেমেয়েরও করোনা পরীক্ষা হয়। তাতে বাকিদের রিপোর্ট নেগেটিভ আসলেও ১২ জুলাই ঐশ্বরিয়া এবং তাঁর ৮ বছরের মেয়ে আরাধ্যার রিপোর্ট পজিটিভ আসে। সোমবার মা-মেয়ের রিপোর্ট নেগেটিভ আসলে হাসপাতাল থেকে ছুটি পান তারা।
তবে, আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হলেও, এখনও হাসপাতালেই রয়েছেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন।
সূত্র : আনন্দবাজার
রূপশ্রী / টিআর







