রূপশ্রী প্রতিবেদন, ঢাকা:
১৪ দিন পর অবশেষে আজ বুধবার (৩১ জুলাই) দুপুর ২টার পর চালু হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম প্রভৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। একই সঙ্গে বন্ধ করা হয় ফেসবুক, টিকটকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম।
পাঁচদিন পর ব্রডব্যান্ড এবং ১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলেও আনুষ্ঠানিকভাবে বন্ধ ছিল ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগমাধ্যম। যদিও ‘ভিন্ন’ উপায়ে অনেকে ফেসবুক ব্যবহার করেছেন।
আজ বুধবার (৩১ জুলাই) সকালে কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম) মালিক প্রতিষ্ঠান ‘মেটা’র প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন প্রতিমন্ত্রী পলক।
বৈঠক শেষে তিনি জানান, বিকেলের মধ্যে চালু হবে ফেসবুক-টিকটকসহ সব সামাজিক মাধ্যম।
অবশেষে আজ বুধবার দুপুর ২টার পর সব বাধা উঠে যায়। বাংলাদেশ থেকে এখন ব্যবহার করা যাচ্ছে ফেসবুক-টিকটক।
অবশ্য ব্রডব্যান্ড সংযোগ চালুর পর থেকে ভিপিএন ব্যবহার করে অনেকেই ফেসবুক ও অন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করেছেন।







