আয়েশা জেবীন
খোলা চুল মেঘ
বিনম্র কাশফুল
ঝাঁঝালো রোদের চৌচির মাঠ
এলোমেলো মুখচ্ছবি মায়াবী অবয়ব।
ঘাস না হয় ঘাসফুল হয়ে
সজনেডাঁটার ঝুমঝুমি সুরে
নকুল দানার মিষ্টি স্বাদে
চেয়েছি ইজেলের স্বত্ব
দখলদারী কায়দাকানুন না শেখায়
ন্যাতনো ন্যাকড়ার দায় কাঁধে
একাকীত্বের অহংকারে
ছেড়েছি অধিকার।
ভেবেছি কিছু মুখ আঁকা শেখে
সাজিয়ে দেবো আদিগন্ত ঘর বারান্দা
বোনের পারাপারে
এঁকে দেখি সব হায়েনার দল
হিংস্র থাবা লোমশ বাহু
আদিম অন্ধকার চোখের পাতায়।
দেখতে দেখতে ইজেল ছুঁড়েছি অবহেলায়
দূর থেকে চেয়ে দেখি
বিকারের রঙে লেপ্টে আছে চারিধার
ছবিগুলো তেড়ে আসছে মানুষের দিকে।।







