সেলিনা হোসেন,কাঙ্গালিনী সুফিয়াসহ ১৯ জনকে সম্মাননা

693

রূপশ্রী প্রতিবেদন

১৬ মার্চ, ঢাকাঃ

গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমকালো আয়োজনে কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বাউল সম্রাজ্ঞী কাঙ্গালিনী সুফিয়া, কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম, সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং চিত্রনায়িকা মৌসুমীসহ ১৯ গুণীজনকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় সকল গুণীজনদেরকে সম্মাননা পদক, সম্মাননা স্মারক ও চেক দেওয়া হয়।

যাদের সম্মাননা দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, সম্মাননা পেয়েছেন কবি, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ, চিকিৎসক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী, স্থপতি, ক্রীড়াবিদ, কিংবদন্তি অভিনেত্রী, স্বনামধন্য সুরকার ও সংগীতশিল্পী, অর্থনীতিবিদ প্রমুখ।

১৯ গুণীজনকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ প্রতিদিন

যে গুণীজনদের সম্মাননা দেওয়া হয়েছে তারা হলেন- চিত্রশিল্পী মনিরুল ইসলাম, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, শিক্ষাবিদ ও ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার, মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) জাফর ইমাম বীরবিক্রম, অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ (মরণোত্তর), স্থপতি মুস্তাফা খালীদ পলাশ, কবি হেলাল হাফিজ, জাদুশিল্পী জুয়েল আইচ, সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম, বাউল সম্রাজ্ঞী কাঙ্গালিনী সুফিয়া, সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মো. আসলাম ও চিত্রনায়িকা মৌসুমী।  অর্থনীতিবীদ খোন্দকার ইব্রাহিম খালেদ করোনা পরবর্তী জটিলতায় তিনি মারা যান, তার স্ত্রী সোহেলী খালেদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে। গণমাধ্যম সমাজের দর্পণ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম যখন দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে তখন রাষ্ট্র এগিয়ে যায়। বাংলাদেশ প্রতিদিন ঠিক সেই কাজটিই করে যাচ্ছে। রাষ্ট্র ও সমাজকে উপকৃত করতে বাংলাদেশ প্রতিদিন শুরু থেকেই কাজ করে যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের মুন্সিয়ানা হচ্ছে অল্প কথায় অনেকগুলো খবর তারা প্রকাশ করে থাকে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রতিদিন সাফল্যের ধারাবাহিকতায় এক যুগে প্রবেশ করছে। আমরা মনে করি যুগ যুগ ধরে বাংলাদেশ প্রতিদিন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। গুণীজনদের সম্মাননা দেওয়া বিরাট ব্যাপার। আমরা তাদের ভুলে যাই। কিন্তু বাংলাদেশ প্রতিদিন তাদের মনে রেখেছে। আমি তাদের ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান পাশে থেকে সম্মাননাপ্রাপ্ত গুণীজনদের অভিনন্দন জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানে গুণীজনকে অভ্যর্থনা জানিয়ে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কথা সাহিত্যিক ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।

রূপশ্রী/ টি আর