সরকারি চাকরি প্রার্থীদের বয়সে ৫ মাস ছাড়ের নির্দেশ

740

রূপশ্রী প্রতিবেদন

১৬ সেপ্টেম্বর, ঢাকাঃ

সরকারি চাকরি প্রার্থীদের বয়সসীমার ক্ষেত্রে ৫ মাস ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত সরকারি নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় অনেকের বয়স পেরিয়ে গেছে ৩০ বছর। বয়স পেরিয়ে যাওয়া সেই সব চাকরি প্রার্থীদের জন্য  এই সুযোগ দিয়েছে সরকার।  গত ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর হবে তারা আগস্ট পরবর্তী সময়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি চাকরি প্রত্যাশীদের এ সুযোগ দেওয়া হচ্ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন জানান।

গত ২৬ মার্চের পর মার্চ থেকে আগস্ট পর্যন্ত যে সমস্ত মন্ত্রণালয় চাকরির জন্য তাদের বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারেনি, তারা আগস্টের পর থেকে বিজ্ঞপ্তি দিচ্ছে। এই পাঁচ মাসে অনেকেরই ৩০ বছর বয়স অতিক্রম করেছে যার ফলে তারা সরকারি চাকরিতে নিয়োগ পাওয়ার যোগ্যতা হারিয়েছেন। সেসব বিবেচনায় রেখে সরকার এই ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চলতি বছরের গত ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর হবে তারা আগস্ট পরবর্তী সময়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। করোনা ভাইরাস মহামারিকালীন ৩০ বছর পেরিয়ে যাওয়া প্রার্থীদের চাকরির আবেদনে সরকার পাঁচ মাসের এই সময় ছাড় দিয়েছে।

চাকরি প্রার্থীদের বয়সে ৫ মাস ছাড়ের এই নির্দেশ সরকারি সব মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, অধিদপ্তরে যেখানে চাকরির জন্য বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল তাদের সবার জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে।

রূপশ্রী/এম এস