রূপশ্রী ডেস্ক
ঢাকা (সোমবার, ১৮ মে ২০২৬): নির্বাচন কমিশনের (ইসি) কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধি কম থাকার কারণ জানতে চেয়েছে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন ওমেন। জবাবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এবারের সংসদে সরাসরি নির্বাচিত সাতজন নারী সদস্য আছেন। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নারী প্রার্থী আরও বেশি ছিল। মূল বিষয় হলো, নির্বাচনে জয়ী হয়েই সংসদে আসতে হয়।
গতকাল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইউএন ওমেনের একটি প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। বৈঠকে নির্বাচন কমিশনের সঙ্গে চলমান যৌথ কাজগুলো অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয় ইউএন ওমেন। বৈঠকে ইউএন ওমেনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মিস ন্যারাদজাই গুম্বনজভান্দা, রিজিওনাল ডিরেক্টর ক্রিস্টিন আরব, প্রতিনিধি মিস গীতাঞ্জলি সিং, নবনীতা সিনহা এবং ইউনিট ম্যানেজার তপাটি সাহা উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে ইসি সচিব বলেন, প্রতিনিধিদলটি নির্বাচন-পরবর্তী পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেছে। বিশেষ করে নির্বাচনে নারী প্রতিনিধিদের উপস্থিতি কেন কম ছিল, সে বিষয়ে তারা জানতে চেয়েছে এবং এ হার কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করেছে। এ সময় প্রতিনিধিদলকে জানানো হয় যে, বর্তমান সংসদে ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে সংরক্ষিত ৫০ জনসহ মোট ৫৭ জন নারী সদস্য আছেন। তবে জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচনে এ সংখ্যা আরও বাড়বে। এ ছাড়া ভোটার তালিকায় নারী ও পুরুষের মধ্যকার ব্যবধান আগে তিন মিলিয়ন ছিল, যা বর্তমানে কমে ১.৮ মিলিয়নে এসেছে। এ গ্যাপ আরও কমিয়ে আনার জন্য কমিশনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবারের নির্বাচন সম্পূর্ণ সহিংসতাহীন ছিল এবং কোনো ভোট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেনি বলেও তাদের আরও জানানো হয়।







