একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু

1144

রূপশ্রী প্রতিবেদন

৮ই আগস্ট, ঢাকাঃ

আগামীকাল থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ের (কলেজ) একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে । রবিবার ৯ আগস্ট সকাল ৭টা থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে দেশের সকল সরকারি-বেসরকারি কলেজগুলোতে আগামী ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন । এবার শুধুমাত্র অনলাইনের  www.xiclassadmission.gov.bd   মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে।

১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। তবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। নগদ,  সোনালী ব্যাংক,  টেলিটক,  বিকাশ এবং রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ইতোমধ্যেই ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত সূচি প্রকাশ করেছে ।

সূচিতে বলা হয়, আবেদনের পর প্রথম পর্যায়ের নির্বাচিতদের ফল প্রকাশ হবে ২৫ আগস্ট রাত ৮টায়। ভর্তি হতে হবে ২৬ থেকে ৩০ আগস্ট রাত ৮টার মধ্যে। এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত না করলে আবেদন বাতিল করা হবে। পছন্দক্রমে প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়।

দ্বিতীয় পর্যায়ের আবেদন করা যাবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ৫ থেকে ৬ সেপ্টেম্বরের বিকাল ৫টার মধ্যে ভর্তি হতে হবে। এই দুই দিনের মধ্যে ভর্তি না হলে দ্বিতীয় পর্যায়ের আবেদন বাতিল হবে। পছন্দ অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়।

তৃতীয় পর্যায়ের আবেদন করতে হবে ৭ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে। আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি হতে হবে ১১ থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টায় মধ্যে। এই সময়ের মধ্যে ভর্তি না হলে আবেদন বাতিল করা হবে। কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর। ভর্তি হতে হবে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।

এবছর ৭ হাজার ৪৭৪টি সরকারি-বেসরকারি কলেজের একাদশ শ্রেণিতে মোট ২৫ লাখ আসন রয়েছে। আর মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী। তারাই এবার একাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন করবেন। মাধ্যমিকে উত্তীর্ণ সব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হলেও আসন ফাঁকা থাকবে আট লাখ।

জানা গেছে,  একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৫টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে। তবে সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে পারবে। মেধা এবং পছন্দক্রম অনুসারে নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত করা হবে। একাদশে ভর্তির জন্য সব শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সংশ্লিষ্ট অপারেটরকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বছর একাদশ শ্রেণিতে ভর্তিতে মুক্তিযোদ্ধা,  প্রবাসী ও বিকেএসপি কোটা বহাল থাকছে। তবে,  অন্যান্য কোটা নিয়ে নীতিমালায় কোনো কিছু উল্লেখ করা হয়নি। ভর্তি প্রক্রিয়ায় জটিলতা ও ব্যয় কমাতে এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। শুধু অনলাইনে সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

রূপশ্রী / এসএম