শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে টেলিটক

797

রূপশ্রী প্রতিবেদন

১২ সেপ্টেম্বর, ঢাকাঃ

‘ঘরে বসে নিশ্চিন্তে, পড়াশোনা চলুক নির্বিঘ্নে’ শ্লোগান নিয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম সহজ করে তুলতে টেলিটক শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেয়া শুরু করেছে। সকল টেলিটক সিম থেকে এই সুবিধা পাওয়া যাবে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে টেলিটক শিক্ষার্থীদের জন্য এই বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালু করেছে।

কিভাবে এই সুবিধা পাওয়া যাবে তা বিস্তারিত জানিয়ে দিয়েছে সরকারি মোবাইল কোম্পানি টেলিটক। ইউজিসির প্লাটফর্ম বিডিরেনের মাধ্যমে জুম অ্যাপ ব্যবহার করে অনলাইনে শিক্ষার্থীরা ফ্রি ক্লাস করতে পারবেন এবং সংশ্লিষ্ট শিক্ষকরা বিডিরেনের ফ্রি জুম ক্লাসের লিংক শিক্ষার্থীদের দেবেন। এজন্য শিক্ষার্থীর ন্যূনতম ডাটা ব্যালেন্স থাকতে হবে।

অবশ্য বিডিরেন প্ল্যাটফর্মে যুক্ত থাকলে ডাটা চার্জ করা যাবে না। তবে শিক্ষার্থীরা প্রতিমাসে ১০০ টাকা রিচার্জ করে এই সুবিধা পাবেন। রিচার্জ করা টাকা মূল একাউন্টে জমা হবে। ওই টাকা ভয়েস কল ও ডাটার জন্য খরচ করা যাবে। অব্যবহৃত টাকা পরের রিচার্জে যুক্ত হবে। তবে ১০০ টাকার নিচে রিচার্জ করলে ও ন্যূনতন ডাটা না থাকলে সুবিধা ভোগ করা যাবে না।
গত ২ সেপ্টেম্বর ইউজিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে নামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইডথ দেবে টেলিটক। ইউজিসি পরিচালিত বিডিরেন ব্যবহারকারী সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুবিধাটি পাবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনলাইনের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে সব শিক্ষার্থীকে স্মার্টফোন ও ইন্টারনেটের আওতায় আনার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

রূপশ্রী/টি আর