রূপশ্রী প্রতিবেদন, রবিবার (২৬ জুন), ঢাকা: স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা ভোগ করছে, যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণ যুবক। যুবসমাজ কর্মশক্তিতে বলীয়ান, সম্মুখে অগ্রসর হতে তারা সদা অবিচল, তারাই পরিবর্তনের ধারক। যুবসমাজের উন্নয়নকে জাতীয় উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে নিয়ে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। উৎপাদনমুখী চিন্তা ও সৃজনশীল ধ্যান-ধারণা নিয়ে যুবসমাজ কোভিড মহামারিতে মানবকল্যাণে স্বেচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে কাজ করেছে। ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ যুবসমাজকে মানবহিতৈষী কাজে উদ্বুদ্ধ করবে।
রাজধানীর শেখ কামাল অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি-র সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আখতার হোসেন ও ইসলামিক কো-অপারেশন ইয়্যুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আয়হান বক্তব্য রাখেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, ভিশন ২০২১ এ প্রধানমন্ত্রী যুব উন্নয়নকে প্রাধান্য দিয়ে যুবসমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ওআইসি সম্মেলনে যোগদান করেন যা বাংলাদেশ এবং ওআইসি-র সম্মিলিতভাবে কাজ করার পথকে সুগম করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ওআইসি যুবসমাজের মেধা, প্রতিভা ও কর্মদক্ষতাকে যথাযথভাবে কাজে লাগাতে সম্মিলিত প্রয়াস চালিয়ে যাচ্ছে। কোভিড মাহামারি হেতু উদ্ভূত নিওনরমাল পরিস্থিতিতে চ্যালেঞ্জগুলো সৃজনশীল উপায়ে কাটিয়ে উঠতে এই অ্যাওয়ার্ড যুবসমাজের জন্য অনুপ্রেরণাদায়ক হিসেবে কাজ করেছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাজধানী ঢাকায় এই অনুষ্ঠানের আয়োজন সকলকে উজ্জীবিত করবে।
#
এনএফ/এসআর







