ম্যাচসেরা ফারজানার: পাঁচ জয়ে শীর্ষে রূপালী ব্যাংক

355

রূপশ্রী প্রতিবেদন, ঢাকা: মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপিকে হারিয়ে জয় পেয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। অপরাজিত ইনিংস খেলে দলকে জেতালেন অভিজ্ঞ ফারজানা হক। তার অপরাজিত ৮১ রানের সৌজন্যে বিকেএসপিকে ৭ উইকেটে হারায় রূপালী ব্যাংক। ৮ চারে ১১৯ বলের ইনিংস খেলা ম্যাচসেরার পুরস্কার জেতেন ফারজানা। এখন পর্যন্ত পাঁচ ইনিংসে তার সংগ্রহ লিগের সর্বোচ্চ ২৭২ রান। মাত্র একবার আউট হওয়ায় গড় অবিশ্বাস্য, ২৭২!
আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত এ খেলায় ১৭৮ রানের লক্ষ্য তাড়া করে ৬১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছেঁ যান লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বিকেএসপির সাত ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করেন। কিন্তু কেউই ত্রিশ রান করতে পারেননি। সর্বোচ্চ ২৯ রান আসে সুমাইয়া আক্তার সুবর্ণার ব্যাট থেকে। নয় নম্বরে নেমে নিশিতা আক্তার করেন ২৪ রান। রূপালী ব্যাংকের হয়ে ২টি করে উইকেট নেন রাবেয়া খান, পূজা চক্রবর্তী ও ইশমা। পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এখন তালিকার শীর্ষে লেগ স্পিনার রাবেয়া।


এদিকে ১৭৮ রানের লক্ষে রান তাড়া করতে নেমে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করেন ফারজানা ও ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে তরুণ ফারজানা হক লিসার সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন অভিজ্ঞ ফারজানা। লিসার ব্যাট থেকে আসে ৪৪ বলে ৩১ রান। এরপর লতা মণ্ডল হতাশ করলেও নিগার সুলতানার সঙ্গে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করেন ফারজানা। ৪৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন নিগার।

পাঁচ ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রূপালী ব্যাংক। সমান ম্যাচে ২ জয়ে পাঁচ নম্বরে বিকেএসপি। এছাড়া চার ম্যাচে ৪টি করে জয় রয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের।

খেলাঘরের ১ উইকেটের জয়

এছাড়া দিনের অন্য ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে খেলাঘর সমাজকল্যাণ সমিতি। বিকেএসপির ৩ নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রের ১১৬ রানের জবাবে জয় পেতে ৪৫.৩ ওভার পর্যন্ত খেলতে হয় খেলাঘরকে। জয়ের জন্য বাকি ১৫ রান, ক্রিজে শেষ দুই ব্যাটার। জমে ওঠা ম্যাচে শেষ দিকে দারুণ লড়াই করলেন নুজহাত সাবাহ ফিরদৌস ও খাদিজাতুল কুবরা। দুজন মিলে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে এনে দিলেন ১ উইকেটের জয়।
পাঁচ ম্যাচে খেলাঘরের দ্বিতীয় জয় এটি। একটি পরিত্যক্ত ম্যাচসহ ৫ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান চতুর্থ। সমান ম্যাচে ১ জয়ে সাত নম্বরে কলাবাগান।
ব্যাট হাতে ১৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের আগে বোলিংয়ে ১০ ওভারে মাত্র ১৭ রানে ২ উইকেট নেন নুজহাত। তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। খেলাঘরের পক্ষে ২০ রানে ৩ উইকেট নেন খাদিজাতুল কুবরা।
ছোট রানের রোমাঞ্চকর ম্যাচটিতে দুই দল মিলে সর্বোচ্চ ৩৮ রান করেন খেলাঘরের অধিনায়ক তাজ নেহার। একই দলের মাসুমা খাতুন করেন ২৪ রান। দুজন মিলে গড়ে তোলেন ম্যাচের সর্বোচ্চ ৪৭ রানের জুটি।
কলাবাগানের পক্ষে ১০ ওভারে তিন মেইডেনসহ ১২ রানে ৩ উইকেট নেন মেহেরুন নেসা জয়া। এর আগে আট নম্বরে নেমে কলাবাগানের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন তমালিকা সুমনা। অষ্টম উইকেটে মুমতা হেনার সঙ্গে তিনি গড়েন ৪৩ রানের জুটি।