মিনায় আগমনে শুরু পবিত্র হজ

274

আজ শুক্রবার। সৌদি পঞ্জি অনুযায়ী ৮ জিলহজ। মক্কা থেকে তাঁবুর নগরী খ্যাত মিনায় আসার মাধ্যমে আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। আজকের দিনকে বলা হয় ইয়ামুল তারবিয়াহ।

আগামীকাল ৯ জিলহজ, শনিবার পবিত্র হজ। ১০ জিলহজ রবিবার সৌদি আরবে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

৮ জিলহজ জুহর থেকে ৯ জিলহজ ফজর পর্যন্ত মিনায় অবস্থান করা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত। তবে এখন সৌদি সরকারের হজ ব্যবস্থাপনার সুবিধার্থে ৭ জিলহজ মাগরিব বা এশার নামাজের পর রাতেই হাজিদের মক্কা থেকে মিনায় নিয়ে আসা হয়। মিনায় অবস্থানকালে হাজিরা নিজ নিজ তাঁবুতেই নামাজ আদায় করেন। তবে যেসব হাজী মসজিদে খায়েফ ও কুয়েতি মসজিদের কাছাকাছি তাঁবু পেয়েছেন, তারা মসজিদে গিয়েও নামাজ আদায় করতে পারেন।

মসজিদুল হারাম থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনা। অধিকাংশ হাজীরা আগেরদিন গাড়িতে করে মিনায় চলে আসেন। তবে অনেকে পায়ে হেঁটেও  আজ জুহরের আগে মিনায় আসবেন। হজের অংশ হিসেবে হাজি সাহেবরা ১২ জিলহজ পর্যন্ত মিনা, আরাফার ময়দান ও মুজদালিফায় অবস্থান করবেন। মাঝখানে ১০ জিলহজ বড় জামারায় পাথর মেরে কোরবানির পর মাথা মুণ্ডন করে মক্কায় গিয়ে বায়তুল্লাহ শরীফ তওয়াফ ও সাফা মারওয়া সায়ী করে মিনায় ফিরে আসতে হবে।

কখন কোন কাজ করতে হবে প্রত্যেক হজযাত্রীকে সৌদি মোয়াল্লেম কার্যালয় থেকে তা জানিয়ে দেওয়া হয়। মিনায় অবস্থানকালে মোয়াল্লেম কার্যালয় থেকে দেওয়া তাঁবু নম্বর-সংবলিত কার্ড সবসময় গলায় ঝুলিয়ে রাখতে হয়। একইভাবে মিনা, মুজদালিফা, আরাফাতে কীভাবে কখন রওনা হবেন, তাও জানিয়ে দেওয়া হয় আগেভাগে।

৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয়। এ দিনের নাম ইয়াওমুল আরাফা।

চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়খ ড. মাহের বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি। একই সঙ্গে মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন তিনি।

১০ জিলহজ মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের পর্যায়ক্রমে চারটি কাজ সম্পন্ন করতে হয়। শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশে পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং তাওয়াফ জিয়ারত। এরপর ১১ ও ১২ জিলহজ অবস্থান করে প্রতিদিন ৭টি করে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। সবশেষে কাবা শরিফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

পবিত্র হজ পালনের জন্য ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে ১৫ লক্ষাধিক হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। বাংলাদেশ থেকে হজ পালন করবেন ৮৫ হাজার ২৫৭ জন।