মহিলা বিশ্বকাপ বাছাই পিছিয়ে যাওয়ায় স্বস্তিতে রুমানা

731

রূপশ্রী প্রতিবেদন

বুধবার, ১৩ মে ২০২০, ঢাকা: করোনাভাইরাস মহামারির কারণে খেলা বন্ধ, নেই অনুশীলনও। আগামী জুলাইতে ছিল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। তাও স্থগিত হয়ে গেছে। এতে অবশ্য খারাপের চেয়ে ইতিবাচক দিকটাই বেশি দেখছেন বাংলাদেশ নারী দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ। এমনিতেই চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি রুমানা। চোট সেরে বিশ্বকাপ বাছাই দিয়েই ফেরার কথা ছিল তার। করোনার কারণে খেলা পিছিয়ে যাওয়ায় হতাশ হওয়াই হতো স্বাভাবিক। কিন্তু রমানা খুশি। ‘যেন শাপে বর হয়েছে’ হিসেবেই দেখছেন বিষয়টা তিনি।

রুমানার মতে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হলে অপ্রস্তুত অবস্থায় পড়তেন তারা। সেরা অবস্থায় নামতে তার ও দলের কিছুটা বাড়তি সময় প্রয়োজন ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ভার থেকে নিজেদের তৈরি করতে পারবেন তারা।

বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, ‘মহামারির এই সময়ে টুর্নামেন্ট স্থগিত হতে পারে এরকম একটা ধারণা করছিলাম। তবে নিশ্চিত ছিলাম না। আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসায় এখন কিছুটা স্বস্তি পাচ্ছি। কারণ দীর্ঘদিন আমরা মাঠের বাইরে। ঘরে বসে যতই ফিটনেস নিয়ে কাজ করি না কেন, মাঠে থেকে ফিটনেস নিয়ে কাজ করার মতো হচ্ছিল না। এখন অনুশীলনের জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে আশা করি। সেই সময়টাকে কাজে লাগিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য পুরোপুরি ফিট করতে পাবে ক্রিকেটাররা। এখন নতুন করে পরিকল্পনা সাজাতে হবে আমাদের।’

আগামী ৩ থেকে ১৯ জুলাই ১০ দলকে নিয়ে শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল ২০২১ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। আইসিসি জানিয়েছে, অংশগ্রহণকারী দল ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে টুর্নামেন্টের নতুন দিন তারিখ ঠিক করবে তারা।

রূপশ্রী/এইচ