রূপশ্রী প্রতিবেদন
১৭ ডিসেম্বর, ঢাকাঃ
আগামী বছর বাংলাদেশ থেকে জর্ডানের সর্ববৃহৎ তৈরি পোশাক কারখানা ‘ক্লাসিক ফ্যাশন’ ১২ হাজার দক্ষ কর্মী নেবে বলে জানিয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ক্লাসিক ফ্যাশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সানাল কুমার একথা জানান।
মন্ত্রীকে সানাল কুমার জানান, তার প্রতিষ্ঠানের ২৬ হাজার কর্মীর মধ্যে ১৬ হাজার কর্মীই বাংলাদেশের। এই প্রতিষ্ঠানে বাংলাদেশ থেকে আগামী বছর আরও ১২ হাজার কর্মী নিয়োগ করা হবে। ভবিষ্যতে আরও বেশি কর্মী নিয়োগ করা হবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের কর্মীদের মেধা, শ্রম ও কর্তব্যনিষ্ঠা জর্ডানে অধিক সংখ্যক কর্মী নিয়োগের মূল কারণ। এসময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদল উপস্থিত ছিলেন।
জর্ডানে বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে, সেখানে প্রায় ৭০ হাজার বাংলাদেশি শ্রমিক রয়েছেন। যাদের মধ্যে ৪৫ হাজারই পোশাক কারখানায় কাজ করেন।
নতুন এই নিয়োগ প্রক্রিয়া সরকারি মাধ্যমে হবে। এসব কর্মীদের নিয়োগ প্রক্রিয়া রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি রফতানিকারক কোম্পানি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পন্ন হবে।
রূপশ্রী/ টি আর







