দিয়া ফারহাত
ঢাকাঃ বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়ার জীবনে সাফল্যের একের পর এক নতুন পাতার সংযোজন হচ্ছে। সংযোজনের এ ধারায় নতুন নাম ‘ম্যাট্রিক্স-৪’।
বিশ্বের বহুল আলোচিত ছবি ম্যাট্রিক্সের নতুন কিস্তির জন্য অভিনয়ে অংশ নিয়েছেন এই তারকা। অর্থাৎ বিখ্যাত এ চলচ্চিত্রেও দেখা যাবে তাকে। বিখ্যাত টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে হলিউডে জনপ্রিয়তা পান জোনাসবধু প্রিয়াঙ্কা। সেই ধারাবাহিকতায় যুক্ত হয় ডোওয়াইন জনসনের ‘বেওয়াচ’ মুভি।

জানা যায়, কিয়ানু রিভ্স অভিনীত ‘ম্যাট্রিক্স ৪’-এর অন্যতম চরিত্রে থাকছেন বলিউডের এই ‘দেশি গার্ল’। এবারের কিস্তির ছবিটিতে নিল প্যাট্রিক হ্যারিস, ইয়াহিয়া আবদুল মতিন ও জোনাথন গ্রফের মতো নতুন মুখ যুক্ত হতে যাচ্ছে। বিগত কিস্তিরগুলোর মতো এবারও ‘ম্যাট্রিক্স ৪’-এর পরিচালনা দায়িত্বে আছেন লানা ওয়াচোস্কি।
বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়ার আগেই সান ফ্রান্সিসকোতে এ নতুন ছবির শুটিং শুরু হয়েছিল। কিন্তু মার্চ মাসেই বন্ধ হয়ে যায় ছবির দৃশ্যধারণ। তবে বর্তমানে করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় শুটিং শুরু হয়েছে। এতে প্রিয়াঙ্কাও অংশ নিয়েছেন। করোনা স্বাস্থ্যবিধি মেনে জার্মানির বার্লিনে এর শুট চলছে।
১৯৯৯ সালে প্রথম বড় পর্দায় আসে এই ফ্রানচাইজির প্রথম ছবি ‘ম্যাট্রিক্স’। এরপর যথাক্রমে মুক্তি পেয়েছে ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’ এবং ‘দ্য ম্যাট্রিক্স রেভ্যুলেশনস’। সবকিছু ঠিকঠাক থাকলে ‘ম্যাট্রিক্স ৪’ ২০২২-এর ১ এপ্রিল মুক্তি পাবে। সিক্যুয়েলে আগের মতোই নিও, ট্রিনিটি ও নায়োবির চরিত্রে থাকবেন যথাক্রমে কিয়ানু রিভস, ক্যারি অ্যান মস ও জাডা পিঙ্কেট স্মিথ। তবে প্রিয়াঙ্কার চরিত্রের নাম এখনও প্রকাশ করা হয়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
রূপশ্রী/এম







