প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৭ হাজি

496

রূপশ্রী প্রতিবেদন, ঢাকা: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন ৪১৭ জন হাজি। বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি হজ ফ্লাইটে বৃহস্পতিবার (২০ জুন) রাতে দেশে ফেরেন এসব হাজিরা।

আজ শুক্রবার (২১ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল সূত্রে এ তথ্য জানা যায়। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।

গত ৯ মে ৪১৫ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছিল। এরপর ২০২৪ সালের হাজিদের নিয়ে বিমানের সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন। হাজিদের পরিবহনে বিমান ছাড়াও সৌদি এয়ারলাইনস ও বাংলাদেশ থেকে সর্বমোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেন হাজিরা।

হজ ব্যবস্থাপনা পোর্টাল সূত্রে জানা যায়, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৮৫ হাজার ১২১ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যান ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন।

এ বছর বাংলাদেশের জন্য হজের কোটা ছিল ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের। এর মধ্যে সরকারি ব্যবস্থায় ১০ হাজার ১৯৮ জন এবং বাকি ১ লাখ ১৭ হাজার জন বেসরকারি খাতের মাধ্যমে যাওয়ার কথা ছিল। তবে কোটা বেশি থাকলেও হজে যেতে নিবন্ধন কম হয়। পোর্টালে দেওয়া তথ্যমতে আরও জানা যায়, এ বছর হজ পালন করতে গিয়ে ৩১ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৬ জন নারী। এদের মধ্যে মক্কায় ২৪ জন, মদিনায় ৪ জন, জেদ্দায় ১ জন এবং মিনায় ২ জন মারা যান।