পুরুষদের সিনিয়র দলে প্রথম নারী ফুটবলার

976

রূপশ্রী প্রতিবেদন

২১ সেপ্টেম্বর, ঢাকাঃ

প্রথম নারী হিসেবে পুরুষদের অপেশাদার সিনিয়র দলে খেলার সুযোগ পেয়েছেন নেদারল্যান্ডসের নারী ফুটবলার এলে ফোকেমা ৷ এখন থেকে তিনি নিয়মিত পুরুষ দলে খেলতে পারবেন ৷ এর মাধ্যমে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি ৷ নেদারল্যান্ডসের জাতীয় ফুটবল ফেডারেশন কেএনভিবি পুরুষদের চতুর্থ বিভাগের দল ভিভি ফোয়ারুটে খেলার অনুমতি দিয়েছে তাকে ৷ এর আগ পর্যন্ত এতদিন ছেলেদের সঙ্গেই খেলেছেন এলে ফোকেমা ৷

এতদিন মেয়েরা শুধু পুরুষ্দের সাথে অনূর্ধ-১৯ দল পর্যন্ত খেলার অনুমতি পেতেন ৷ তাদেরকে সেখান থেকে হয় নারীদের সিনিয়র দল অথবা পুরুষদের কোনো ‘বি ক্যাটাগরি’র দলে খেলতে হতো ৷

সেই নিয়ম অনুযায়ী সদ্য ১৯-এ পা দেয়া ফোকেমার আর পুরুষদের সিনিয়র দলে খেলার সুযোগ পাওয়ার কথা নয় ৷ নতুন নিয়ম গড়ে তাকে যে শুধু প্রথম নারী হিসেবে পুরুষদের সিনিয়র দলে খেলার অনুমতি দেয়া হয়েছে তা-ই নয়, সামর্থ্য প্রমাণিত হলে এই ক্লাবেই থেকে যেতে পারবেন তিনি ৷

এমন সুযোগ পেয়ে ফোকোমা খুব খুশি, ‘‘এই দলের হয়ে খেলে যাওয়ার সুযোগ পাওয়াটা চমৎকার ব্যাপার ৷ পাঁচ বছর বয়স হওয়ার পর থেকেই আমি ছেলেদের সঙ্গে খেলছি৷ আগামী বছর থেকে আর ছেলেদের সঙ্গে খেলতে না পারলে খুব হতাশ হতাম ৷’’

ছেলেদের সিনিয়র দলে খেলার সুযোগ গত কয়েক বছর ধরেই চেয়ে আসছিলেন নেদারল্যান্ডসের মেয়েরা ৷ এলেনা ফোকেমাকে দিয়ে সেই পথে পরীক্ষামূলক যাত্রা শুরু করলো কেএনভিবি ৷

ফেডারেশনের কর্মকর্তা আর্ট লাঙেলার জানিয়েছেন, ছেলেদের দলে মেয়েরা নিয়মিত ভালো খেললে ফোকেমার মাধ্যমে স্থায়ী একটা পরিবর্তন আসতে পারে ৷

সূত্রঃ ডি ডব্লিউ

রূপশ্রী/এম এস