ধর্ষককে বিয়ের প্রস্তাব দেয়ায় ভারতে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি

777

রূপশ্রী ডেস্ক

ধর্ষনের শাস্তি এড়ানোর জন্য ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে বিয়ে করার পরামর্শ দেয়ায় ভারতের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোব্দের পদত্যাগের দাবি উঠেছে। এ ঘটনার প্রতিবাদে পাঁচ হাজারেও বেশি মানুষ এক পিটিশনে স্বাক্ষর করেছেন, যাতে প্রধান বিচারপতির পদত্যাগের দাবি তোলা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, তিনজন বিচারকের একটি বেঞ্চের প্রধান হিসাবে বিচারপতি ধর্ষণে অভিযুক্তকে জিজ্ঞেস করেন, তিনি ধর্ষণের শিকার মেয়েটিকে বিয়ে করবেন কি না? এসময় প্রধান বিচারপতি বলেন, ‘আপনি যদি ওই মেয়েকে বিয়ে করতে চান, আমরা আপনাকে সাহায্য করতে পারি। না চাইলে আপনি চাকরি হারাবেন এবং জেলে যাবেন।’

এদিকে প্রধান বিচারপতি প্রতি এক খোলা চিঠি লিখেছেন ভারতের প্রথম সারির নারীবাদী ও বিভিন্ন এনজিও নেতৃবৃন্দ। সেখানে বলা হয়েছে, ‘অপ্রাপ্তবয়স্ক একটি মেয়ের ধর্ষণের মামলা নিষ্পত্তিতে আপস হিসেবে আপনি বিয়ের যে প্রস্তাব দিয়েছেন, তা ন্যক্কারজনকের চেয়েও খারাপ। এতে ধর্ষকের শিকার একজনের ন্যায়-বিচারের অধিকার মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। অভিযুক্ত ধর্ষককে বিয়ে করার এই প্রস্তাব দিয়ে আপনি (ভারতের প্রধান বিচারপতি) মেয়েটিকে একজন নির্যাতনকারী, যে তাকে (মেয়েটিকে) আত্মহত্যার পথে ঠেলে দিয়েছিল, তার হাতে সারাজীবন ধর্ষণের জন্য তুলে দিচ্ছেন’।

ওই ‘খোলা চিঠিতে’ নারী অধিকার কর্মী এবং উদ্বিগ্ন নাগরিকরা তাদের ক্ষোভ প্রকাশ করে আরো লিখেছেন, বোব্দের মন্তব্যে তারা ‘ক্ষুব্ধ’। একইসঙ্গে প্রধানবিচারপতিকে তার বিবৃতি প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে এই চিঠিতে।

রূপশ্রী/এইচবি