করোনা ভাইরাসঃ পাঁচ মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু একদিনে

649

রূপশ্রী প্রতিবেদন

১৮ অক্টোবর, ঢাকাঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যা গত পাঁচ মাসের মধ্যে একদিনে করোনা ভাইরাসে সর্বনিম্ন মৃত্যু।

এর আগে গত ১৭ই মে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,২৭৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৬৬০ জনের মৃত্যু হল।

এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস থেকে সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৬৭৪ জন।

প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৮.২৩ জন সুস্থ হয়ে উঠছেন। যেই হার ঠিক এক সপ্তাহ আগে ছিল ৭৬ শতাংশ।

বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৭২ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১০.৭৪ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৭.৯৬ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১১,৮৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২১ লাখ ৬৩ হাজার ৫৬৮ জনের।

সূত্রঃ বিবিসি

রূপশ্রী/ টি আর