পবিত্র ঈদুল আজহার পালিত রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

12

রূপশ্রী প্রতিবেদন

ঢাকা (রবিবার, ৩১ মে, ২০২৬): আত্মত্যাগের মহিমায়য় ধর্মীয় ভাবগাম্বির্য ও যথাযোগ্য মর্যাদায় গত বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এরআগে গ্রামের বাড়ি গিয়ে নিজ নিজ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়েছিলেন লাখো মানুষ। ঈদের টানা সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ রবিবার। আগামীকাল সোমবার খুলছে অফিস-আদালত। তাই কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী।

রবিবার ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে রাজধানীর মহাখালী,  সায়েদাবাদ, গাবতলী বাসটার্মিনালসহ সদরঘাট লঞ্চঘাট ও কমলাপুর রেল স্টেশনে।

সদরঘাট লঞ্চ টার্মিনালে রাজধানীতে ফেরা কর্মজীবী মানুষেরা

সরেজমিনে দেখা গেছে, গাবতলী বাস টার্মিনালের বিপরীত পাশে একের পর এক দূরপাল্লার গাড়ি এসে দাঁড়াচ্ছে। এরপর গাড়ি থেকে নেমেই যে-যার মতো গন্তব্যে ছুটছেন। কেউ চেপে বসছেন গণপরিবহনে, কেউ গ্যাসচালিত সিএনজিতে। কেউ অটোতে বা ব্যাটিারি চালিত রিক্সা বা রিক্সায়।

বগুড়া রুটে চলাচলকারী মানিক এক্সপ্রেসের চালক মো. আব্দুল মতিন বলেন, ‘আজ যাত্রীর চাপ আছে। তবে বিকেলের পর থেকে আরও চাপ বাড়বে। এখন যে যাত্রী আসছে, সব অগ্রীম টিকিটের। আমাদের গাড়িতে আগামী শনিবার পর্যন্ত অগ্রীম টিকিট বুক দেওয়া আছে। আজ থেকে যত গাড়ি আসবে সব যাত্রী পুরো করে আসবে।’ তিনি আরো জানান, পথে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। সকাল সাড়ে ৭টায় বগুড়া থেকে গাড়ি ছেড়েছি, বেলা সাড়ে ১১টার আগেই ঢাকা চলে আসছি।’

বগুড়া থেকে ঢাকায় এসেছেন মেহেদী। তিনি বলেন, ‘ভালোভাবেই চলে আসতে পেরেছি। যাওয়ার সময়ে একটু ভোগান্তি ছিল। তবে আসার সময় এক ঘণ্টা আগেই চলে আসতে পেরেছি।’

গাবতলী বাস টার্মিনালে রাজধানীতে ফেরা কর্মজীবী মানুষেরা

পাটুরিয়া ফেরিঘাট হয়ে পাবনা থেকে সেলফি পরিবহনে ঢাকায় এসেছেন তুষার। পাবনা থেকে আরিচা হয়ে এসেছেন তিনি। তুষার বলেন, ‘সকালের ট্রিপে আসছি, তাই যাত্রীর চাপ কিছুটা কম ছিল। আসতে কোনো সমস্যা হয়নি।’ পাটুরিয়া ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে টেকনিক্যাল মোড়ে এসেছে সেলফি পরিবহনের এই গাড়ি।  গাড়ির চালকের সহকারী বললেন, ‘ঘাটে যাত্রীর চাপ আছে। সব গাড়ি পুরা করে আসছে।’

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পাবনা থেকে আসছি। আরিচাঘাট পার হওয়ার পর সেলফিস্ট্যান্ড পর্যন্ত সবসময় ২০ টাকা ভাড়া। আজ ৩০ টাকা নিয়েছে। আবার সেলফি পরিবহনে ঢাকা পর্যন্ত ভাড়া সবসময় ১৮০ টাকা। তবে আজ ২০-৩০ টাকা বেশি নিচ্ছে।