পটুয়াখালীতে শিশু সাংবাদিকতার কর্মশালা

377

রূপশ্রী ডেস্ক: পটুয়াখালীতে শিশু সাংবাদিকতার বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের ‍সহযোগিতায় শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ এই কর্মশালার আয়োজন করে।

শুক্রবার সকালে জেলা শহরের একটি রেস্তোরাঁর মিলনায়তন কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের বিল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক অনিমেষ কান্তি হাওলাদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়। হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পটুয়াখালী প্রতিনিধি সঞ্জয় দাস লিটু উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন। শিশু সাংবাদিকতার এই কর্মশালায় প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ফয়সাল আতিক।গত বছরের ডিসেম্বরে একই বিষয়ে তিন দিনের কর্মশালায় অংশ নেওয়া ২০ জন শিশু সাংবাদিকের মধ্য থেকে ১০ জনকে একদিনের ফলো-আপ কর্মশালার জন্য বাছাই করা হয়।
কর্মশালায় অংশ নেওয়া মাঈশা ফাহমিদা (১৪), জিয়াউল হক রিদওয়ান (১৭) এই প্রতিবেদনটি তৈরী করেছেন।

সৌজন্যে: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম