নারী সাংবাদিকতার বিকাশে প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে:স্পিকার

340

ঢাকা, রুপশ্রী প্রতিবেদন: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সাংবাদিকতার মত চ্যালেঞ্জিং পেশায় নারীরা প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। বিশ্বায়নের যুগে তথ্য প্রবাহ ও তথ্য প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে নারী সাংবাদিকদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।
রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত নারী সাংবাদিকদের ‘৪র্থ জাতীয় সম্মেলন’ এসব কথা বলেন।’নারী পুরুষের সমতা অর্জনে কলম হোক হাতিয়ার’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। সভাপতিত্ব করেন নারী সাংবাদিক কেন্দ্র এর সভাপতি নাসিমুন আরা হক মিনু। স্বাগত বক্তব্য দেন নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা। শোকপ্রস্তাব পাঠ করেন নারী সাংবাদিক কেন্দ্রের অর্থ সম্পাদক আক্তার জাহান মালিক।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের রোল মডেল। তিনি গণমাধ্যমের প্রসারের জন্য বিভিন্ন নীতিমালা গ্রহণ করেছেন। তিনি নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসন, প্রাকৃতিক দুর্যোগে নারীদের সহযোগিতা দান, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের প্রণোদনা প্রেরণের মাধ্যমে নারীর সার্বিক অবস্থা উন্নয়নে কাজ করে চলেছেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের সময়ে সংবাদপত্রের পথচলা সহজ হয়েছে। এই সরকার প্রচুর সংখ্যক অনলাইন নিউজ পোর্টাল ও বেসরকারি টিভি চ্যানেলকে অনুমোদন দিয়েছে। সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইনের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
স্পিকার বলেন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের দীর্ঘ ২৪ বছরের পথচলা সাংবাদিকতার ক্ষেত্রে এক অনন্য অর্জন। নারী সাংবাদিকদের পেশাগত ঝুঁকি নিরসনে সংগঠনটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে পারে। তিনি আরো বলেন, সাইবার সিকিউরিটি নিশ্চিত করা, ফেক নিউজ চিহ্নিত করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সহযোগিতা করতে পারে।

অনুষ্ঠানের শুরুতে পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে নারী সাংবাদিক কেন্দ্রের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। তিনি এসময় আমন্ত্রিত অতিথিদের সাথে একটি গ্রুপ ফটোসেশনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিনিধি, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যমকর্মী, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।