ঈদের সরকারি ছুটি শেষ, প্রথম কর্মদিবস আজ

911

রূপশ্রী প্রতিবেদন

সোমবার, ৩ আগষ্ট, ঢাকা: করোনা চলকালে দেশে বন্যা শুরু হয়ে যাওয়ায় এবার ঈদুল আজহা উপলক্ষ্যে সরকার মাত্র তিন দিনের ছুটি ঘোষণা করেছিল। এর মধ্যে শুক্রবার ও শনিবার ছিল সরকারি সাপ্তাহিক ছুটির দিন। ফলে এবার সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা মূলত ঈদের ছুটি পান একদিন। সরকার ঘোষিত সেই তিন দিনের ছুটি শেষ হয়েছে গতকাল রবিবার। তাই আজ সোমবার থেকে খুলছে সরকারের প্রধান প্রশাসনিক কেন্দ্রস্থল- বাংলাদেশ সচিবালয়সহ সকল সরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান ও কল-কারখানা। সরকারি ছুটির সাথে মিলিয়ে যেসব বেসরকারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছিল, সেসব প্রতিষ্ঠানেও আজ থেকে চালু হবে কাজ। তবে সংবাদপত্র পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সংবাদপত্র অফিস খুলবে কাল মঙ্গলবার থেকে।

সাধারণত ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিস আদালতে উপস্থিতি থাকে কম। করোনার আগে প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রী, সচিব ও কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। করোনার কারণে এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। প্রশাসিক কেন্দ্র সচিবালয়ে করোনা বিস্তার ঠেকাতে ঈদের ছুটির আগে থেকেই সরকারি অফিস চলছে সীমিতভাবে, মাত্র ২৫ শতাংশ কর্মকর্তা কর্মচারী নিয়ে। করোনার কারণে অধিকাংশ মন্ত্রীরাও বাসায় থেকেই ই-ফাইল ও ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে অফিসের কাজ করেছেন। এছাড়ার একরোনার পরিস্থিতির কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় অফিশিয়াল নির্দেশ জারি করে, বয়স্ক এবং সন্তানসম্ভবা নারীদের অফিসে আসতে বারণ করে দিয়েছে আগেই।

সরকার এবার ঈদুল আজহা উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করলেও ঈদের এই ছুটিকালীন সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের বাধ্যতামূলকভাবে নিজ নিজ কর্মস্থলে থাকতে নির্দেশনা জারি করেছিল সরকার। গার্মেন্টস শ্রমিকদেরও ঈদের ছুটিতে কর্মস্থল ছেড়ে বাড়ি যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। ফলে গার্মেন্টস কর্মীরাও এবার বাড়ি যেতে পারেননি।

তার পরেও যেসব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ঈদ করতে বাড়িতে গিয়েছিলেন, তারা গতকাল থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন। গতকাল লঞ্চঘাট, বাস ও রেল স্টেশনে ঢাকা মুখি মানুষের চিত্র দেখা গেছে। তবে ঢাকায় বসবাসকারী বিভিন্ন পেশাজীবী যারা ঈদের তিন দিনের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়ে বাড়ি গেছেন, তারা হয়তো কয়েকদিন পরে ফিরবেন।

#

রূপশ্রী/প্রতিবেদন/এইচবি