অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি পরিবর্তনের দাবি

467

রূপশ্রী প্রতিবেদন, ঢাকা: পার্বত্য চট্টগ্রামের প্রায় ২০ জন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণী শুক্রবার (৯ আগস্ট) বিকেল চারটার দিকে প্রধান উপদেষ্টার থাকার জন্য প্রস্তুত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে তারা প্রতিবাদী গান শুরু করেন। এ সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক চলছিল।
মানববন্ধনে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমার বিষয়ে আপত্তি জানান তারা। একইসঙ্গে আলোচনার মাধ্যমে তাদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা। এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া তরুণ-তরুণীরা বলেন, যাকে তাঁদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলা ছিলেন। তাদের প্রশ্ন, কাদের সঙ্গে আলোচনা করে এমন একজনকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হলো। তারা চান, নির্দলীয়-নিরপেক্ষ কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া হোক, যিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা সম্পর্কে জানেন।
গতকাল বৃহস্পতিবার নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত তিন দিন দেশ সরকারশূন্য ছিল। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নিয়েছেন। তিনজন ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি। এদের মধ্যে আছেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাও।